ধ্রুব সেন রাজ, নিটার প্রতিনিধি
সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের (নিটার) সনাতনী সংঘের উদ্যোগে ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী শ্যামাপূজা। দীপাবলির আলোকসজ্জা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শুরু হওয়া এ আয়োজনের আনুষ্ঠানিকতা চলে রাতভর। সোমবার (৯ নভেম্বর) ভোরে অঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে সম্পন্ন হয় পূজার কার্যক্রম।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা থেকেই দীপাবলি উপলক্ষে প্রদীপের আলোয় সেজে ওঠে নিটার ক্যাম্পাস। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে, হোস্টেল ভবনের সামনে এবং প্রবেশমুখে আলপনার চারপাশে প্রজ্বালন করা হয় প্রদীপ। পাশাপাশি ক্যাফেটেরিয়া-সংলগ্ন মাঠে তৈরি করা হয় পূজামণ্ডপ। সারি সারি প্রদীপের আলো ও আলোকসজ্জায় ক্যাম্পাসজুড়ে তৈরি হয় উৎসবের আবহ।
দীপাবলি উদযাপনের ধারাবাহিকতায় রাত ১টার দিকে ক্যাফেটেরিয়া-সংলগ্ন মাঠে শুরু হয় শ্যামাপূজার মূল আনুষ্ঠানিকতা। নিটার সনাতনী সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ পূজায় অংশগ্রহণ করেন নিটারের ১২তম থেকে ১৬তম ব্যাচের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিটারের শিক্ষক প্রমা আচার্য্য ও উৎপল কান্তি দাস।
রাতভর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে চলে দেবী কালীর আরাধনা। পূজার অন্যতম পর্ব অঞ্জলি অনুষ্ঠিত হয় সোমবার ভোর ৪টা ৩০ মিনিট থেকে সকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা দেবী কালীর উদ্দেশ্যে অঞ্জলি নিবেদন করেন। দীর্ঘ রাতের ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে ভোরে সম্পন্ন হয় শ্যামাপূজার কার্যক্রম।
উল্লেখ্য, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব শ্যামাপূজা বা কালীপূজা। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দেবী কালীর আরাধনার মধ্য দিয়ে এ পূজা উদযাপিত হয়। একই সময়ে পালিত হয় দীপাবলি, যেখানে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অন্ধকারের ওপর আলোর বিজয়ের বার্তা তুলে ধরা হয়।