ধ্রুব সেন রাজ, নিটার প্রতিনিধি:
চীনের আধুনিক টেক্সটাইল প্রযুক্তি, শিল্প ব্যবস্থাপনা ও বিশ্বমানের শিক্ষা ব্যবস্থার সঙ্গে সরাসরি পরিচিত হতে জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) – এর ৮ জন শিক্ষার্থী সফলভাবে সম্পন্ন করলেন এক আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি।
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর সার্বিক উদ্যোগে আয়োজিত এই সফরে শিক্ষার্থীরা টেক্সটাইল খাতের অগ্রগামী প্রতিষ্ঠান ও শ্রেণিকক্ষের তাত্ত্বিক জ্ঞানের বাইরে বাস্তব অভিজ্ঞতার মুখোমুখি হন।
সফরজুড়ে শিক্ষার্থীরা টেক্সটাইল উৎপাদনের আধুনিক রূপ, পূর্ণাঙ্গ অটোমেশন, মান নিয়ন্ত্রণ ও দ্রুত শিল্প ব্যবস্থাপনার ওপর গভীর ধারণা পান। স্পিনিং প্রযুক্তি থেকে শুরু করে উভেন ও ম্যান-মেড ফাইবার ডাইং, ফেব্রিক স্ট্রাকচার এবং টেক্সটাইল ডিজাইনিংয়ের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে তাঁরা সরাসরি প্রস্তুত প্রণালি পর্যবেক্ষণ করেন।
শিল্প পরিদর্শনের অংশ হিসেবে শিক্ষার্থীরা বিশ্বখ্যাত ‘Shengshan Group (至山集团)’ ঘুরে দেখেন, যেখানে উভেন ফেব্রিক ডাইংয়ের জটিল ও আধুনিক রূপচক্র দেখার সুযোগ হয়। পাশাপাশি চীনের আধুনিক স্পিনিং শিল্পের সমন্বিত প্রযুক্তি ও উৎপাদন ক্ষমতা তাঁদের নতুন দৃষ্টিভঙ্গি দান করে।কেবল শিল্প-কারখানাতেই সীমাবদ্ধ ছিল না এই আয়োজন; একাডেমিক ও সাংস্কৃতিক চর্চাতেও শিক্ষার্থীরা ছিলেন অনন্য। ‘Zhejiang Agriculture and Business College’-এ আয়োজিত বিভিন্ন সেশনে তাঁরা চাইনিজ থ্রিডি মিডিয়া, চা সংস্কৃতি ও চা প্রস্তুত শিল্প, চীনা ভাষা, প্রথাগত বর্ম সংস্কৃতি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত যানবাহনের প্রযুক্তি নিয়ে সেশনগুলোতে যুক্ত হন।
হাতে-কলমে শিক্ষার অন্যরকম অভিজ্ঞতা মেলে ‘Shaoxing Secondary Technical School’-এ। সেখানে শিক্ষার্থীরা প্রথাগত ন্যাচারাল ইন্ডিগো ডাইং ও প্রিন্টিং কৌশল শিখে নিজ হাতে এর নমুনা প্রস্তুত করেন। প্রযুক্তির যুগে এমন ঐতিহ্যবাহী প্রক্রিয়ার সান্নিধ্য তাঁদের জন্য ছিল অত্যন্ত বিশেষ।
ডিজিটাল অর্থনীতির বিশ্বায়নে নিজেদের সমৃদ্ধ করতে শিক্ষার্থীরা ঘুরে দেখেন ‘Hangzhou Digital Trade Point’। আধুনিক ই-কমার্স, প্রযুক্তিনির্ভর আন্তর্জাতিক বাণিজ্য ও ব্যবসায়িক মডেলের বাস্তব চিত্র এখানে ফুটে ওঠে।
আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখে শিক্ষার্থীরা ‘Zhejiang Agriculture and Business College’-এ অনুষ্ঠিত একটি বহুজাতিক গ্রুপ প্রেজেন্টেশনেও অংশ নেন। পুরো সফরের শেখা ও অভিজ্ঞতার চিত্র সেখানে বিশ্বমঞ্চে তুলে ধরেন তাঁরা, যা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও যোগাযোগের দক্ষতা বাড়িয়ে তুলতে ভূমিকা রাখে।
এই বহুমাত্রিক প্রশিক্ষণে অংশ নেওয়া নিটারের ৮ তরুণ হলেন— সিফার হায়দার শিবিব, আব্দুল কায়ুম খন্দকার, জহিরুল ইসলাম প্রান্ত, খালিদ সাইফুল্লাহ ইফাফ, কাজি আব্দুল বাকি নাভীন, অমিত সরকার, আরিফুল ইসলাম এবং নাইমুর রহমান অপু।
প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মতে, চীন থেকে শেখা অটোমেশন, দক্ষ উৎপাদন কৌশল ও প্রযুক্তির সঠিক ব্যবহার ভবিষ্যতে বাংলাদেশের টেক্সটাইল শিল্পে প্রয়োগ করার দারুণ সুযোগ রয়েছে। আন্তর্জাতিক মানের এই শিক্ষা ও পেশাগত দক্ষতা আগামী দিনে এ দেশের টেক্সটাইল শিল্পকে নতুন পথ দেখাবে বলে আশা করা হচ্ছে।