আজ ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

নিটারে ২০-২১ নভেম্বর আইপিই রেভেল, পুরস্কার ১ লাখ ২০ হাজার টাকা

ধ্রুব সেন রাজ, নিটার প্রতিনিধি:

সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) ক্যাম্পাসে আগামী ২০ ও ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ের আন্তবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা ‘নিটার আইপিই রেভেল ২০২৬: সিম্ফনি অব এক্সিলেন্স’। বিজনেস কেস, ক্যাড ও ফটোগ্রাফি প্রতিযোগিতার পাশাপাশি থাকছে সাংস্কৃতিক আয়োজন।প্রতিযোগিতার মোট পুরস্কারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

নিটারের আইপিই সোসাইটি (আইএসএন)-এর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার প্রথম দিন ২০ নভেম্বর গ্র্যান্ড ফিনালে হবে। দ্বিতীয় দিন ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা।

এরই মধ্যে প্রতিযোগিতার প্রচারে আয়োজকেরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনলাইন রোডশো করছেন। এছাড়া প্রতিযোগিতার প্রস্তুতিতে সহায়তার জন্য আগের বছরের চ্যাম্পিয়ন দলের অভিজ্ঞতা শোনার ব্যবস্থাও রেখেছেন আয়োজকেরা।

আয়োজকরা মনে করেন, প্রতিযোগিতাগুলো শিক্ষার্থীদের হাতে-কলমে দক্ষতা যাচাই, সৃজনশীলতা বিকাশ এবং নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি করবে। এসব প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষার্থীরা বাস্তবভিত্তিক সমস্যা সমাধান, বিশ্লেষণধর্মী চিন্তা, কৌশল নির্ধারণ, দলগত কাজ, নকশা তৈরি ও দৃশ্যের মাধ্যমে গল্প বলার অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। পাশাপাশি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কাজ করার মাধ্যমে নতুন পরিচিতি ও যোগাযোগ তৈরির সুযোগ থাকবে। জাতীয় পর্যায়ে নিজেদের দক্ষতা তুলে ধরার পাশাপাশি প্রতিযোগীদের জন্য যে পুরস্কার রাখা হয়েছে তা তাদের উৎসাহ যোগাবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ