মো: ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মাদক সেবনের টাকার জন্য লভলাল চক্রবর্তী (৫৭) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে অর্ণব চক্রবর্তী ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।
গত সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের চিনাইল দক্ষিণপাড়া এলাকায় এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পারিবারিক সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত অর্ণব চক্রবর্তী দীর্ঘদিন ধরে চরম মাদকাসক্ত ছিলেন। তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে এর আগে তিনবার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে (রিহ্যাব) পাঠানো হলেও কোনো সুফল হয়নি। সোমবার সন্ধ্যায় অর্ণব তার বাবা লভলাল চক্রবর্তীর কাছে মাদক কেনার জন্য টাকা দাবি করেন। লভলাল চক্রবর্তী টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবা-ছেলের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে অর্ণব ঘরে থাকা একটি লাঠি দিয়ে তার বাবার মাথায় ও শরীরে এলোপাতাড়ি আঘাত করেন। লাঠির গুরুতর আঘাতে ঘটনাস্থলেই লভলাল চক্রবর্তীর মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পরপরই ঘাতক অর্ণব এলাকা ছেড়ে পালিয়ে যান।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ও অর্ণবের মা আভা চক্রবর্তীকে হেফাজতে নিয়েছে পুলিশ। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম (পিপিএম) জানান, লভলাল চক্রবর্তীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত লাঠি উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। পলাতক অভিযুক্ত অর্ণব চক্রবর্তীকে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।