নিজস্ব প্রতিবেদক:
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীর তেজগাঁও এলাকায় দলটির নেতাকর্মীদের পুনরায় সংগঠিত করার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয় সূত্রের দাবি, এলাকায় অবস্থানরত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ইন্ধন এর মাধ্যমে মিছিল, সমাবেশ ও মোটরসাইকেল শোডাউনের মতো কর্মসূচি পরিচালনার চেষ্টা করছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক পটপরিবর্তনের পর সাইফুল ইসলাম আত্মগোপনে চলে যান। পরবর্তী সময়ে বিদেশে অবস্থান করেই তেজগাঁও এলাকায় তাঁর সাংগঠনিক তৎপরতা পুনরায় শুরু করার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট থানাগুলোতে তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে বলেও দাবি করা হয়েছে। তবে এসব মামলার বর্তমান অবস্থা ও অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
অভিযোগ রয়েছে, নিজে আড়ালে অবস্থান করলেও স্থানীয় অনুসারীদের মাধ্যমে গোপনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং মোটরসাইকেল শোডাউনসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করছেন সাইফুল ইসলাম। এতে এলাকায় রাজনৈতিক পরিস্থিতি খারাপ হচ্ছে বলে দাবি স্থানীয়দের।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক জামায়াত নেতা বলেন, “তিনি নিজে আড়ালে থাকলেও তাঁর অনুসারীদের দিয়ে নিয়মিত মিছিল ও মহড়া দেওয়ানো হচ্ছে। ”
ওই নেতা আরও অভিযোগ করেন, একাধিক মামলার আসামি হওয়ার পরও কীভাবে সাইফুল ইসলাম বিদেশে অবস্থান করে এলাকায় এমন তৎপরতা চালানোর সুযোগ পাচ্ছেন, তা খতিয়ে দেখা প্রয়োজন।
এ বিষয়ে তেজগাঁও থানার এক কর্মকর্তার বক্তব্য হিসেবে জানা গেছে, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলামের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে এবং তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।