আজ ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

সাভারে ২৬ লাখ টাকা ডাকাতি: তিনজন গ্রেপ্তার

আল মামুন খান:

সাভারে ২৬ লাখ টাকা ডাকাতির ঘটনায় মাদারীপুর থেকে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। গত মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে মাদারীপুরের রাজৈর থানার টেকেরহাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. উজ্জল সরদার (৩২), মো. জুয়েল সিকদার (৩৮) ও মো. তামিম হাওলাদার (২৫)। তাঁদের কাছ থেকে একটি মোটরসাইকেল, আটটি মুঠোফোন, ১৩ হাজার ১৬৭ টাকা, পুলিশের টি-শার্ট, একটি নেমপ্লেট, তিনটি মানিব্যাগ, দুটি হাতঘড়ি, চাবি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ডিবি জানায়, গত ১০ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে ২৬ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ১১ সেপ্টেম্বর সাভার মডেল থানায় মামলা হয়। তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন কৌশল অবলম্বন করে তদন্তের পর তাঁদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা প্রাইভেটকার, হাইস ও নোয়াহ গাড়ি ব্যবহার করে বিভিন্ন বাহিনীর পরিচয়ে ঢাকা জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাই করতেন।

গ্রেপ্তার তিনজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ