মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় ডাকাতির প্রস্তুতাকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। অভিযানকালে ডাকাতদের হামলায় তাইফুর রহমান নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— কালিয়াকৈর উপজেলার রাধানগর এলাকার জিন্নাত আলীর ছেলে রুবেল (৩১) এবং বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ওমরপুর এলাকার জমশেদ প্রামাণিকের ছেলে মো. তুহিন প্রামাণিক (৩৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোররাতে চন্দ্রা এলাকায় একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়ে প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া করে রুবেল ও তুহিনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। তবে চক্রের অন্য কয়েকজন সদস্য অন্ধকারে পালিয়ে যায়।
অভিযান পরিচালনাকালে ডাকাতদের প্রতিহত করতে গিয়ে এসআই তাইফুর রহমান আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা সেবা দেন। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, “ডাকাতির প্রস্তুতির সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পাশাপাশি ডাকাত চক্রের পালিয়ে যাওয়া অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”