আজ ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফিল্মি কায়দায় ৫ লাখ টাকা ছিনতাই:  আহত ১

মো: ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরে দিনদুপুরে ফিল্মি কায়দায় এক ব্যবসায়ীর কাছ থেকে নগদ ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীদের বাধা দিতে গিয়ে মারাত্মক আহত হয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীর ছেলে।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে কালিয়াকৈরের উত্তর হিজলতলী বংশাই ব্রিজ এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ভুক্তভোগী ব্যবসায়ী কালিয়াকৈর সোনালী ব্যাংক শাখা থেকে ৫ লাখ টাকা উত্তোলন করেন। পরে তিনি তার ছেলে এম. তৌহিদ রশিদ ও শ্যালককে সাথে নিয়ে একটি অটোরিকশা যোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। অটোরিকশাটি উত্তর হিজলতলী বংশাই ব্রিজ অতিক্রম করার পরপরই বিপরীত দিক থেকে আসা একটি সাদা রঙের প্রাইভেটকার তাদের গতিপথ রোধ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারে ৫ জন দুর্বৃত্ত ছিল। অটোরিকশাটি থামার সাথে সাথেই দুর্বৃত্তরা চলন্ত গাড়ি থেকেই হাত বাড়িয়ে ভুক্তভোগীর হাতে থাকা টাকার ব্যাগটি হেঁচকা টানে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ভুক্তভোগীর ছেলে তৌহিদ বাধা দিতে গেলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তার হাত কেটে গিয়ে তিনি গুরুতর জখম হন। পরে টাকার ব্যাগটি নিয়ে ছিনতাইকারীরা দ্রুত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে পালিয়ে যায়। ব্যাগে নগদ ৫ লাখ টাকার পাশাপাশি ব্যাংকের একাধিক গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল বলে জানা গেছে।

ঘটনার পরপরই স্থানীয়রা আহত তৌহিদকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে ভুক্তভোগী পরিবার আইনি পদক্ষেপের জন্য কালিয়াকৈর থানায় অবস্থান করছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, “ঘটনাটি সম্পর্কে আমরা মৌখিকভাবে জেনেছি এবং ভুক্তভোগীকে লিখিত অভিযোগ দায়ের করার পরামর্শ দেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলেই মহাসড়কের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং বিভিন্ন চেকপোস্টে বার্তা পাঠিয়ে ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে জোর অভিযান শুরু হবে।”

তিনি আরও জানান, ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা স্থানান্তরের সময় যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশের নিরাপত্তা সহায়তা (মানি এসকর্ট) নেওয়ার জন্য সবাইকে পুনরায় আহ্বান জানানো হচ্ছে।

পুলিশের প্রাথমিক ধারণা, সোনালী ব্যাংকের আশপাশ থেকেই কোনো সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র ওই ব্যবসায়ীকে অনুসরণ করে এ ঘটনা ঘটিয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর অংশে ব্যাংক গ্রাহক ও পোশাক শ্রমিকদের বেতনের টাকা ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তার আতঙ্ক বিরাজ করছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ