জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
দুই মাসের মধ্যে তৃতীয়বারের মতো প্রক্টর বদল হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি)। ব্যক্তিগত কারণে অধ্যাপক মো. জাকির হোসেন পদত্যাগ করায় উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হালিমকে নতুন প্রক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমানের স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়। আদেশে বলা হয়, ১ অক্টোবর ২০২৬ তারিখ অপরাহ্ন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি সাময়িকভাবে প্রক্টরের দায়িত্ব পালন করবেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গণ-অভ্যুত্থানের পর নতুন প্রশাসন দায়িত্ব নিলে প্রথমে পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম রাশিদুল আলম প্রক্টর হন। সাবেক এক ছাত্রলীগ নেতার পিটুনিতে মৃত্যু এবং পরে জাকসু নির্বাচনসহ নানা বিষয়ে বিতর্ক ও অসন্তোষের মুখে তিনি পদত্যাগ করেন।
এরপর ২৯ জুলাই দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেন প্রক্টর হিসেবে নিয়োগ পান। তবে দায়িত্ব নেওয়ার দুই মাস পেরোতেই তিনিও পদত্যাগপত্র জমা দেন, যা কর্তৃপক্ষ গ্রহণ করে তাঁকে অব্যাহতি দেয়।
অল্প সময়ের মধ্যে একের পর এক প্রক্টর বদল হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।