সুনামগঞ্জ প্রতিনিধিঃ
তাহিরপুর উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও বৈষম্যহীন ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়ে তোলার দৃপ্ত প্রত্যয় নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস-চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস আলম আখঞ্জী।
জনসেবায় দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন এই নেতা ইতিপূর্বে অত্যন্ত দক্ষতা, সততা ও সুনামের সাথে টানা দুইবার ইউপি সদস্য (মেম্বার) হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও তিনি নিষ্ঠার সাথে ইউনিয়নবাসীর সেবা করেছেন। স্থানীয় রাজনীতির পরীক্ষিত ও আপদ-বিপদের রাজপথের এই সঙ্গীর চেয়ারম্যান পদে লড়ার ঘোষণায় এলাকার সর্বস্তরের মানুষের মাঝে বইছে আনন্দের জোয়ার।
ফেরদৌস আলম আখঞ্জী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেওয়ার পর থেকেই শ্রীপুর উত্তর ইউনিয়নের প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লা ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ইউনিয়নের বিভিন্ন চা-স্টল থেকে শুরু করে স্থানীয় হাট-বাজার—সর্বত্রই এখন তাকে নিয়ে চলছে ইতিবাচক আলোচনা ও প্রশংসার ঝড়।
স্থানীয় সাধারণ বাসিন্দারা মনে করছেন, জনপ্রতিনিধিত্বের দীর্ঘ অভিজ্ঞতা এবং জনগণের সুখে-দুঃখে পাশে থাকার কারণে ফেরদৌস আলম আখঞ্জী চেয়ারম্যান নির্বাচিত হলে শ্রীপুর উত্তর ইউনিয়ন একটি পরিকল্পিত ও আদর্শ মডেল ইউনিয়নে রূপান্তরিত হবে। দলমত নির্বিশেষে এলাকার উন্নয়নে সাধারণ মানুষ এখন তাকে ঘিরেই নতুন স্বপ্ন দেখছেন।
নিজের প্রার্থিতা প্রসঙ্গে ফেরদৌস আলম আখঞ্জী বলেন, “শ্রীপুর উত্তর ইউনিয়নের মাটি ও মানুষের সাথে আমার আত্মিক সম্পর্ক। দীর্ঘদিন ইউপি সদস্য, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং উপজেলার ভাইস-চেয়ারম্যান হিসেবে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। এবার ইউনিয়নবাসীকে সাথে নিয়ে শ্রীপুর উত্তরকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও দৃষ্টিনন্দন মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। আমি ইউনিয়নের প্রতিটি নাগরিকের দোয়া ও আন্তরিক সমর্থন কামনা করছি।”