আজ ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা নভেম্বর, ২০২৬ ইং

তাহিরপুরে হাওরের পানি দ্রুত কমে যাওয়ায় কৃষকদের শঙ্কা, পাউবোকে ইউএনওর চিঠি

আবু জাহান তালুকদার, তাহিরপুরঃ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওরের পানি দ্রুত কমে যাচ্ছে। বাঁধের ক্লোজার ও সুইস গেট দিয়ে অতিরিক্ত পানি বেরিয়ে যাওয়ায় বোরো ধানের চারা রোপণ নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকেরা। এ অবস্থায় হাওরের পানি দ্রুত কমে যাওয়া ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে (বাপাউবো) চিঠি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবী।

গত ২৭ অক্টোবর ইউএনওর কার্যালয় থেকে বাপাউবোর তাহিরপুর শাখার কর্মকর্তার কাছে চিঠিটি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, উপজেলার শনির, মাটিয়ান, টাঙ্গুয়ার, মহালিয়া ও গুরমার হাওরসহ বিভিন্ন হাওরের পানি বাঁধের ক্লোজার ও সুইস গেট দিয়ে দ্রুত বেরিয়ে যাচ্ছে। স্থানীয় কৃষকদের কাছ থেকে এ তথ্য পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে চিঠিতে। কৃষকেরা মুঠোফোন, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমেও বিষয়টি জানিয়েছেন।

চিঠিতে আরও বলা হয়, এখনো বোরো ধানের চারা রোপণের উপযুক্ত সময় হয়নি। এ অবস্থায় হাওরের পানি দ্রুত কমে গেলে নির্ধারিত সময়ে বোরো ধানের চারা রোপণ করতে গিয়ে কৃষকেরা সমস্যায় পড়তে পারেন। তাই বাঁধের ক্লোজার ও সুইস গেট দিয়ে যাতে অতিরিক্ত পানি বেরিয়ে যেতে না পারে, সে বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাপাউবোকে অনুরোধ জানিয়েছেন ইউএনও।

এদিকে হাওরের পানির পরিস্থিতি সরেজমিনে দেখতে মঙ্গলবার দুপুরে উপজেলার মাটিয়ান হাওরের নাইন্দা বাঁধ পরিদর্শন করেন ইউএনও রিপামনি দেবী।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল এবং বাপাউবোর তাহিরপুর শাখার সার্ভেয়ার জুবায়ের আহমেদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ