আবু জাহান তালুকদার, তাহিরপুরঃ
প্রায় দেড় যুগ পর আগামী ১২ ডিসেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন। দীর্ঘ সময় পর এই নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ী মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মেসার্স মোস্তাক এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মোস্তাক আহমেদ।
ব্যবসায়ী মহলে মো. মোস্তাক আহমেদ একটি অত্যন্ত পরিচিত ও পরিচ্ছন্ন ব্যক্তিত্ব। সততা, দক্ষতা ও ব্যবসায়িক নেতৃত্ব দিয়ে তিনি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন। ব্যবসা বাণিজ্যের পাশাপাশি তিনি নানামুখী সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি সততা ও নিষ্ঠার সাথে নিয়মিত কর পরিশোধের মাধ্যমে তিনি অনন্য নজির স্থাপন করেছেন। মোস্তাক আহমেদ টানা ৪ বার সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ করদাতা হিসেবে সরকারি সম্মাননা অর্জন করেছেন। তাঁর এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত ব্যবসাই নয়, বরং পুরো ব্যবসায়ী সমাজের জন্য এক গৌরবের বিষয়। এছাড়া, তিনি সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একজন সম্মানিত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে ব্যবসায়িক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁর এই বর্ণাঢ্য ব্যবসায়িক ও সামাজিক পরিচিতি সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে তাঁকে বেশ শক্ত অবস্থানে রেখেছে। সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে তিনি ব্যবসায়ীদের অধিকার রক্ষা, ব্যবসার প্রসার এবং সংগঠনের দীর্ঘদিনের জমে থাকা সমস্যাগুলোর টেকসই সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সাধারণ ব্যবসায়ীরা মনে করছেন, মোস্তাক আহমেদের মতো অভিজ্ঞ, সৎ ও গতিশীল নেতৃত্ব সাধারণ সম্পাদক নির্বাচিত হলে তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ আরও শক্তিশালী ও গতিশীল হয়ে উঠবে। পাশাপাশি ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে তিনি জোরালো ভূমিকা রাখতে পারবেন।
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই মো. মোস্তাক আহমেদের পক্ষে ব্যবসায়ী মহলে সমর্থন ও শুভেচ্ছার মাত্রা বেড়েই চলেছে।
নির্বাচন প্রসঙ্গে মো. মোস্তাক আহমেদ জানান, নির্বাচিত হলে তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের ব্যবসায়ীদের দীর্ঘদিনের নানামুখী সমস্যা সমাধান, ব্যবসায়িক পরিবেশ আরও উন্নত করা এবং সংগঠনকে একটি আধুনিক ও গতিশীল প্ল্যাটফর্মে রূপান্তর করতে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন।
দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনকে ঘিরে স্থানীয় আমদানিকারক ও ব্যবসায়ীদের মধ্যে এখন থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আগামী ১২ ডিসেম্বরের এই নির্বাচন ব্যবসায়ী সমাজের কল্যাণে একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা।