নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের সকল মৌজার জমির ন্যায্য মূল্য নির্ধারণ এবং চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পসমূহে স্থানীয় জনগণের কর্মসংস্থান নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । ১ জুন (সোমবার) বিকেল ৪টায় কালারমারছড়া ইউনিয়নের আফজলিয়া পাড়া তিন রাস্তার মোড়ে কালারমারছড়া সাধারণ ছাত্র ঐক্য পরিষদ-এর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংগঠনের সভাপতি মো. ত্বকি ওসমান, সাধারণ সম্পাদক মো. রেজাউল করমি, সাংগঠনিক সম্পাদক মো. রাশেদ হোছাইন সোহরাব, সিনিয়র কার্যনির্বাহী সদস্য মো. শাহবাজ খান ও মো. আজমগীর উপস্থিত থেকে বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন মহেশখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, বাইতুশ শরফ কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, সাবেক বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় তৌহিদুল আলম সবুজ, জমির মালিক মাওলানা মুফতি আব্দুল হক ফকির, জুয়েল চৌধুরী, মহেশখালী বাপা’র সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, কালারমারছড়া ইউনিয়নে বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পে স্থানীয়দের স্বার্থ সংরক্ষণ, জমির যথাযথ মূল্যায়ন এবং স্থানীয় জনগণের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা সময়ের দাবি। মহেশখালীতে আর কোন কৃষিজমি অধিগ্রহণ করে প্রকল্প না করারও দাবী জানানো হয় । তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালারমারছড়া সাধারণ ছাত্র ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুহসিন।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।