মহেশখালী প্রতিনিধি:
পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় অঞ্চলে সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে মহেশখালীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উন্নয়ন, স্বেচ্ছাসেবী ও পরিবেশবান্ধব সংগঠন উপকূল সুরক্ষা ফাউন্ডেশন (USF)।
সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর অংশ হিসেবে বুধবার (২৯ জুলাই) বিকেলে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের আফজলিয়াপাড়া নতুন স্টেশন সংলগ্ন মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ সংযোগ সড়কের পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
আয়োজকরা জানান, ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং উপকূলীয় অঞ্চলে সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। চলতি বর্ষা মৌসুমজুড়ে মহেশখালীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা সাহাব উদ্দিন, উপকূল সুরক্ষা ফাউন্ডেশনের সভাপতি আবু বক্কর ছিদ্দিক, সদস্য মাষ্টার এমরান ছরওয়ার, সাংবাদিক ফারুক আজম, স্থানীয় সমাজসেবক ওসমান গনি, ব্যবসায়ী তাইজুল ইসলাম খোকন এবং নাছির উদ্দিনসহ সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য উপকূল গড়ে তুলতে সামাজিকভাবে বৃক্ষরোপণ আন্দোলনকে আরও বেগবান করতে হবে। এ লক্ষ্যে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।