মহেশখালী প্রতিনিধি :
পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টি এবং উপকূলজুড়ে সবুজ বেষ্টনী গড়ে তোলার প্রত্যয়ে কক্সবাজারের মহেশখালীতে পরিবেশ বিষয়ক বিশেষ ক্যাম্পেইন, শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ ও বিদ্যালয় প্রাঙ্গণে ঔষুধি ও ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় স্বেচ্ছাসেবী, উন্নয়নমূলক ও পরিবেশ স্ব-পক্ষের সংগঠন উপকূল সুরক্ষা ফাউন্ডেশন (USF), মহেশখালী-এর আয়োজনে উপজেলার ঐতিহ্যবাহী ইউনুছখালী নাছির উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নুরুল কাদের ছিদ্দিকী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনুছখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউুনুছখালী নাছির উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক এমরান সরওয়ার ও প্রভাষক শহীদুল ইসলাম খোকন।
উপকূল সুরক্ষা ফাউন্ডেশনের সভাপতি আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এম এ হান্নান, সদস্য এহসানুল করিম, মহেশখালী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আসমাউল হাসান খোকা, পরিবেশকর্মী জাহাঙ্গীর আলম, কোহেলিয়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নুরুল কাদের, আনোয়ার হোছাইনসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে বিদ্যালয়ের আঙ্গিনায় বিভিন্ন ঔষধি ও ফলজ গাছের চারা রোপণ করা হয়।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং উপকূলীয় এলাকার সবুজ বেষ্টনী শক্তিশালী করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি করে তাদেরকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় সম্পৃক্ত করার মাধ্যমে একটি সবুজ ও বাসযোগ্য উপকূল গড়ে তোলার আহ্বান জানান তারা।