আজ ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

কোহেলিয়া নদী দখল , দূষণমুক্ত করার দাবী বাপা’র

মহেশখালী প্রতিনিধি:

দখল ও দূষণমুক্ত করে কোহেলিয়া নদী বাঁচাতে সকলকে এগিয়ে আসার আহবান জানান বাপা’র নেতৃবৃন্দ । এক সময়ের বাণিজ্যিক এ গুরুত্বপূর্ণ নদী গিলে খাচ্ছে অপরিকল্পিত উন্নয়নে । সোমবার ২৮ সেপ্টেম্বর বিকেল ৪ টার সময় মহেশখালীর কোহেলিয়া নদী পুনরুদ্ধারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী শাখা , কোহেলিয়া নদী রক্ষা কমিটি ও কোহেলিয়া মৎস্যজীবী সমবায় সমিতির আয়োজনে , কোহেলিয়া নদী সংলগ্ন সড়কে মানববন্ধনে সভাপতিত্ব করেন বাপা মহেশখালী শাখার পরিবেশ বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন নূরী পিয়ারু । তিনি বলেন কোহেলিয়া নদী হচ্ছে মহেশখালীর প্রাণ । এ নদী ধ্বংস হলে মহেশখালীর লবন শিল্প ও মৎস্য চাষের ব্যাপক ক্ষতি হবে । কোহেলিয়া নদীর পানি ব্যবহার করে উৎপাদন হয় লবন ও চিংড়ী চাষ । কিন্তু দিন দিন নদীর নাব্যতা হারিয়ে যেভাবে নদীর পানি দূষণ হচ্ছে তাতে মানুষের শরীরে বিভিন্ন রোগ ব্যাধি হওয়ার শংকা রয়েছে । তিনি বলেন লবন ও মৎস্য চাষিদের বাঁচাতে কোহেলিয়া নদী রক্ষা করতে হবে । কোহেলিয়া নদী রক্ষা কমিটির সদস্য মাষ্টার এমরান সরওয়ার বলেন , কোহেলিয়া নদীর সাথে মহেশখালীর দুই লক্ষ মানুষ বিভিন্ন ভাবে জড়িত । এটি ধ্বংস হলে কর্মসংস্থান হারাবে প্রায় ত্রিশ হাজার মানুষ । আর একই সাথে কয়েক লক্ষ জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি এতদাঞ্চের পরিবেশও মারাত্মক হুমকির মূখে পড়বে । তাই কোহেলিয়া নদী রক্ষায় দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি । কোহেলিয়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নুরুল কাদের বলেন , আগে কোহেলিয়া নদীতে যে পরিমাণ মাছ পাওয়া যেতো এখন তা আর পাওয়া যায় না । নদীতে ভাটার সময় পানি থাকে না , জাল পলিমাটিতে আটকে যায় । আমরা জেলেরা এখন চরম আতংকের মধ্যে আছি । কারন আমাদের একমাত্র পেশা হারিয়ে বেকারত্বের দিকে ঝুকতে হচ্ছে । কয়লা বিদ্যুৎ প্রকল্পের কারনে নদী ভরাট হয়েছে , আর এখন বন্দরের জায়গা ভরাটের বর্জ্য এসে নতুন করে আবারো নদী ভরাট হচ্ছে । ফলে এখন নদীতে মাছের বদলে জালে ঢুকছে পলিমাটি । তিনি বলেন আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি কোহেলিয়া নদীটি দ্রুত খননের মাধ্যমে পুনরুদ্ধার করা হোক ।
“বন নেই তো নদী নেই , নদী নেই তো পানি নেই ,
পানি নেই তো জীবন নেই ।
“No Forests, No Rivers, No Water, No Life”
“দখল-দূষণমুক্ত, প্রবহমান ও জীবন্ত নদী চাই” এই প্রতিপাদ্যকে ধারন করে , বাপা মহেশখালী শাখার সাধারণ সম্পাদক ও কোহেলিয়া নদী রক্ষা কমিটির সদস্য সচিব আবু বক্কর ছিদ্দিকের সঞ্চালনায় , মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংবাদিক মাওঃ আব্দুর রহমান , কালারমারছড়া ৩নং ওয়ার্ড় যুবদলের সভাপতি ওসমান গনি , কোহেলিয়া মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ছফুর আলম , ওয়ার্ড় যুবদল নেতা সিরাজুল ইসলাম , পান চাষি আবুল বশর, জেলে সরওয়ার কামাল , ব্যবসায়ী রবিউল আলম বাচ্চু সহ স্থানীয় জেলে ও লবন চাষিগন উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ