ধ্রুব সেন রাজ, নিটার প্রতিনিধি
বাসের চাপায় পড়ার উপক্রম হওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটের (নিটার) এক শিক্ষার্থীকে জোরপূর্বক বাসে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে সেবালিং পরিবহনের চালক, হেলপার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে। গত ১০ নভেম্বর ২০২৬ (মঙ্গলবার) সকালে ইনস্টিটিউটের প্রধান ফটকসংলগ্ন আন্ডারপাস এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, বাসের ভেতরে তুলে নেওয়ার পর ওই শিক্ষার্থীকে কয়েক দফায় মারধর করা হয়। এতে তিনি রক্তাক্ত হন। পরে সকাল সাড়ে ৭টার পর ধনিয়া এলাকা থেকে শিক্ষার্থীরা তাঁকে হাত বাঁধা ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পর ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীরা সেবালিং পরিবহনের চারটি বাস আটক করে ক্যাম্পাসে নিয়ে আসেন।
একই দিন ক্যাম্পাসে আসা পুলিশ ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখে। তবে এ ধরনের কোনো সম্পৃক্ততা না পাওয়ায় পরে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে।
এদিকে, ঘটনার দিনই বাস মালিক সমিতির পক্ষ থেকে বৈঠকের প্রস্তাব দেওয়া হয়। তবে বৈঠকে অভিযুক্ত পাঁচজনের মধ্যে তিনজন উপস্থিত থাকায় এবং বাকি দুজন অনুপস্থিত থাকায় তা বাতিল করা হয়।
পরদিন ১১ নভেম্বর ২০২৬ (বুধবার) বিকেল ৪টায় ইনস্টিটিউট ক্যাম্পাসে এ ঘটনা নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বাস মালিক সমিতির প্রতিনিধি, ইনস্টিটিউটের প্রক্টরিয়াল বডির সদস্য, শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে সংশ্লিষ্ট পক্ষগুলো ঘটনার বিষয়ে নিজ নিজ বক্তব্য তুলে ধরেন।
পরবর্তীতে আলোচনার ভিত্তিতে আর্থিক ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে বিষয়টির সমঝোতা হয়। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বাস মালিক সমিতির পক্ষ থেকে ক্ষতিপূরণের অর্থ দিতে সম্মতি জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না করার অঙ্গীকার করে সংশ্লিষ্টরা সমঝোতা পত্রে স্বাক্ষর করেন। সমঝোতার পর ইনস্টিটিউট ক্যাম্পাসে আটক থাকা সেবালিং পরিবহনের চারটি বাস ছেড়ে দেওয়া হয়।