আজ ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

কলাম ও উপ-সম্পাদকীয় লেখার কৌশল নিয়ে ‘বাংলাদেশ ফরওয়ার্ড’-এর প্রশিক্ষণ কর্মশালা 

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর পান্থপথে একটি হল রুমে কলাম ও মতামত লেখার কৌশল নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সামাজিক সংগঠন ‘বাংলাদেশ ফরওয়ার্ড’-এর উদ্যোগে ও স্মার্ট ল্যাবের সহযোগিতায় শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এই কর্মশালায় শিক্ষার্থী, সক্রিয় রাজনৈতিক কর্মী, সাংবাদিক এবং ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাসহ প্রায় ৩০ জন অংশগ্রহণ করেন।

কর্মশালায় সমসাময়িক বিষয় পর্যবেক্ষণ, মতামতের বস্তুনিষ্ঠতা, লেখা উপস্থাপনের কৌশল এবং আন্তর্জাতিক পরিসরে কলাম পাঠানোর উপায় নিয়ে আলোচনা করেন আমন্ত্রিত বক্তারা। বক্তারা একাডেমিক পড়াশোনার পাশাপাশি বাস্তব জীবনের ঘটনাপ্রবাহ বিশ্লেষণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং লেখার সংখ্যার চেয়ে গুণগত মানের ওপর জোর দেওয়ার পরামর্শ দেন।

দৈনিক ইনকিলাবের এডিটরিয়াল অ্যাসিস্ট্যান্ট সৈয়দ ইবনে রহমত বলেন, একাডেমিক পাঠের চেয়ে বাস্তব জীবনের ঘটনা বিশ্লেষণ করে লেখার অভ্যাস গড়ে তোলাই মানসম্মত কলাম রচনার মূল চাবিকাঠি।

রিসার্চার ও পলিসি প্র্যাকটিশনার নুরুল ইসলাম বিপ্লব বলেন, মতামতের গুরুত্ব নির্ভর করে ব্যক্তির সামাজিক অবস্থান ও গ্রহণযোগ্যতার ওপর, কেবল প্রাতিষ্ঠানিক কাঠামো থাকলেই সঠিক ফলাফল আসে না। তিনি প্ল্যাটফর্ম যাই হোক—লেখায় সততা ও মেধার প্রতিফলন থাকলে নিজস্ব অবস্থান তৈরি সম্ভব বলে মন্তব্য করেন।

সাংবাদিক ও কলামিস্ট এইচ এম নাজমুল আলম উপ-সম্পাদকীয় পাঠানোর ক্ষেত্রে ইমেইলের সাবজেক্ট লাইন, লেখার উপস্থাপন, সংক্ষিপ্ত পরিচিতি সংযোজন এবং ফাইল নামকরণসহ প্রায়োগিক কিছু কৌশল তুলে ধরেন, যা লেখা প্রকাশের সম্ভাবনা বাড়াতে সহায়ক বলে জানান।

সমাপনী বক্তব্যে সংগঠনের উপদেষ্টা ফজলে রাব্বী ইউভাল নোয়াহ হারারির ‘নেক্সাস’ বইয়ের প্রসঙ্গ টেনে মানবসভ্যতাকে তথ্য বা ‘ইনফরমেশন নেক্সাস’ হিসেবে অভিহিত করেন এবং এই কর্মশালাকে তথ্য উপস্থাপন ও গল্প বলার কৌশল নিয়ে একটি প্রাথমিক প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেন।

কর্মশালাটি সঞ্চালনা করেন নেজা মাহমুদ, উদ্বোধনী বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা রিয়াদ হাসনাঈন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফরওয়ার্ডের উপদেষ্টা মুর্তাজা খান লোদী, ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের ভাইস চেয়ারম্যান জাফর ইমাম, জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল হোসেন, জাকসুতে ছাত্রদলের ভিপি পদপ্রার্থী শেখ সাদী হাসান, সাংবাদিক মেহদী ইসলাম, সংগঠনের সভাপতি মো. মনিরুল হক জনি, সাধারণ সম্পাদক মশিউর রহমান শাফি ও সদস্য কবি হেমায়েত উল্লাহ ইমনসহ অনেকে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ