সাভার প্রতিনিধি:
ঢাকার আশুলিয়ায় জমি দখলের চেষ্টায় বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর, ফলজ গাছ কেটে ফেলা এবং বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আটজনকে আসামি করে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. মাহবুব আলম সুলতান।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান।
অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা হলেন—আশুলিয়ার দিয়াবাড়ী এলাকার বাসিন্দা মো. মীর আলী, তাসলিমা বেগম, মো. রাকিব হোসেন, মো. ফারুক হোসেন, মো. আলাউদ্দিন, সুনিল চন্দ্র সরকার, রেখা রানী সরকার ও আনন্দ চন্দ্র সরকার।
লিখিত অভিযোগে মাহবুব আলম উল্লেখ করেন, দিয়াবাড়ী এলাকায় তাঁর নিজ মালিকানাধীন জমিতে ঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন তিনি। সম্প্রতি ওই জমি দখলের চেষ্টা করে অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে অভিযুক্ত ব্যক্তিরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে তাঁর জমিতে প্রবেশ করেন বলে অভিযোগ করেন মাহবুব। এ সময় তাঁরা বসতঘরে ভাঙচুর চালান এবং কয়েকটি ফলজ গাছ কেটে ফেলেন। পাশাপাশি বৈদ্যুতিক মিটার ভাঙচুর করে ঘরের বিদ্যুতের তার কেটে নেওয়া হয় এবং জমির সীমানা পিলার উপড়ে ফেলার চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় মাহবুব ও তাঁর ভাতিজা বাধা দিলে তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী মাহবুব আলম বলেন, ‘নিজের কেনা জমিতে আমি বসবাস করতে পারব না? এভাবে আমার ঘর ভাঙচুর করে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে। এখন আমি প্রাণভয়ে সেখানে থাকতে পারছি না। আমি প্রশাসনের কাছে দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’
অভিযোগের বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, ‘অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’