আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

নিটারে অনুষ্ঠিত হলো ‘IPE REVEAL 2026’

ধ্রুব সেন রাজ, নিটার প্রতিনিধি

সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চে (নিটার) আইপিই সোসাইটি অব নিটারের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘NITER IPE REVEAL 2026: Symphony of Excellence’।

গত ২০ নভেম্বর (শুক্রবার) নিটার ক্যাম্পাসে আয়োজনটির ন্যাশনাল বিজনেস কেস কম্পিটিশন ও ন্যাশনাল ক্যাড কম্পিটিশনের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।

ন্যাশনাল বিজনেস কেস কম্পিটিশনে অনলাইন ভিডিও কমার্শিয়াল (OVC) ও শর্ট রিপোর্টের ভিত্তিতে দ্বিতীয় রাউন্ডের মূল্যায়ন শেষে আটটি দল গ্র্যান্ড ফিনালের জন্য নির্বাচিত হয়। দলগুলো হলো—ফাইট ক্লাব, মাছের বাজার, নাগা পপস, শর্ষে ইলিশ, দ্য গেম চেঞ্জার্স, টিম হাওয়াই মিঠাই, আনপেইড ইন্টার্নস ও মাস্টারমাইন্ডস।

গ্র্যান্ড ফিনালে প্রতিযোগীদের উপস্থাপনা ও প্রস্তাবনা মূল্যায়নে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন রবি আজিয়াটার এরিয়া ম্যানেজার মো. আলতাফ হোসেন রাজু, জাইকা-বিফল প্রকল্পের মার্কেটিং এক্সপার্ট ইঞ্জি. হুমায়ুন রশীদ, আকিজ ভেঞ্চারের সিনিয়র এক্সিকিউটিভ এসরাত জেবিন লিরা এবং আলটেরিয়র ইঞ্জিনিয়ারিংয়ের পরিচালক ইঞ্জি. সায়েদ বিন ওসমানসহ শিল্প ও কর্পোরেট অঙ্গনের অভিজ্ঞ ব্যক্তিবর্গ।

প্রতিযোগিতার ফলাফলে ন্যাশনাল বিজনেস কেস কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয় ব্র্যাক ইউনিভার্সিটির ‘টিম মাছের বাজার’। প্রথম রানারআপ হয় ইউল্যাব, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি ও নিটারের সমন্বয়ে গঠিত ‘টিম শর্ষে ইলিশ’। দ্বিতীয় রানারআপ হয় বিইউপি ও এনএসইউ-এর সমন্বয়ে গঠিত ‘টিম নাগা পপস’।

অন্যদিকে, ন্যাশনাল ক্যাড কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ‘টিম ওভারডিফাইন’। প্রথম রানারআপ হয়েছে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ‘টিম পেনলিন্টা’ এবং দ্বিতীয় রানারআপ হয়েছে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ‘টিম ওভারডিফাইন’।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা ও বাস্তবমুখী জ্ঞান প্রদর্শনের সুযোগ করে দেয়। পাশাপাশি, শিল্প ও একাডেমিয়ার মধ্যে সংযোগ স্থাপন এবং শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বিকাশেও এমন আয়োজন ভূমিকা রাখছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ