ধ্রুব সেন রাজ, নিটার প্রতিনিধি:
জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার)-এর ডিবেটিং সোসাইটির (NITER DS) উদ্যোগে আজ শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) শুরু হয়েছে আন্তঃবিভাগীয় বিতর্ক প্রতিযোগিতা “আন্তঃবিভাগীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬”। যুক্তি, তথ্য আর উপস্থাপনার লড়াইয়ে সকাল থেকেই মুখর ছিল পুরো ক্যাম্পাস।
সকাল ১০টা থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় নিটারের পাঁচটি বিভাগের প্রতিনিধিত্ব করছেন নিটার ডিবেটিং সোসাইটির সংশ্লিষ্ট বিভাগের সদস্য বিতার্কিকরা। মোট ৮ টি দলের ২৪ জন বিতার্কিক এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে অংশ নিয়েছে থ্রেড অব থট, লুম লজিক ও টিম ইকোটেক্স। ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রতিনিধিত্ব করছে দ্য স্ট্র্যাটেজিস্টস। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে লড়াইয়ে নেমেছে দ্য ইলেকট্রনস ও ভোল্ট ভয়েসেস। ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে অংশ নিয়েছে দ্য ইনোভেটরস, আর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে অংশ নিয়েছে কোডব্রেকার্স।
তিন রাউন্ডের প্রাথমিক পর্ব শেষে সেমিফাইনালে জায়গা করে নেয় চারটি বিভাগের চারটি দল। এগুলো হলো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের লুম লজিক, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের দ্য স্ট্র্যাটেজিস্টস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের দ্য ইলেকট্রনস এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের দ্য ইনোভেটরস।
তিন রাউন্ডের বিতর্ক শেষে ২৩৯ স্পিকার পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন দ্য স্ট্র্যাটেজিস্টস দলের আবির হাসান।
সেমিফাইনাল শেষে ফাইনালে উঠেছে ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের দ্য ইনোভেটরস এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের দ্য স্ট্র্যাটেজিস্টস। দুই দলের এই মুখোমুখি লড়াইকে ঘিরে দর্শক ও অংশগ্রহণকারীদের মধ্যে ছিল তুমুল আগ্রহ ও উত্তেজনা। এখন দেখার বিষয়, কোন দল জিতে এবারের ” আন্তঃবিভাগীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬”-এর শিরোপা ঘরে তোলে।