আজ ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা অক্টোবর, ২০২৬ ইং

চীনের আন্তর্জাতিক প্রশিক্ষণে নিটারের ৮ শিক্ষার্থীর অর্জন  প্রযুক্তি ও বাস্তব শিল্প-অভিজ্ঞতা

ধ্রুব সেন রাজ, নিটার প্রতিনিধি:

​চীনের আধুনিক টেক্সটাইল প্রযুক্তি, শিল্প ব্যবস্থাপনা ও বিশ্বমানের শিক্ষা ব্যবস্থার সঙ্গে সরাসরি পরিচিত হতে জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) – এর ৮ জন শিক্ষার্থী সফলভাবে সম্পন্ন করলেন এক আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর সার্বিক উদ্যোগে আয়োজিত এই সফরে শিক্ষার্থীরা টেক্সটাইল খাতের অগ্রগামী প্রতিষ্ঠান ও শ্রেণিকক্ষের তাত্ত্বিক জ্ঞানের বাইরে বাস্তব অভিজ্ঞতার মুখোমুখি হন।

​সফরজুড়ে শিক্ষার্থীরা টেক্সটাইল উৎপাদনের আধুনিক রূপ, পূর্ণাঙ্গ অটোমেশন, মান নিয়ন্ত্রণ ও দ্রুত শিল্প ব্যবস্থাপনার ওপর গভীর ধারণা পান। স্পিনিং প্রযুক্তি থেকে শুরু করে উভেন ও ম্যান-মেড ফাইবার ডাইং, ফেব্রিক স্ট্রাকচার এবং টেক্সটাইল ডিজাইনিংয়ের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে তাঁরা সরাসরি প্রস্তুত প্রণালি পর্যবেক্ষণ করেন।

​শিল্প পরিদর্শনের অংশ হিসেবে শিক্ষার্থীরা বিশ্বখ্যাত ‘Shengshan Group (至山集团)’ ঘুরে দেখেন, যেখানে উভেন ফেব্রিক ডাইংয়ের জটিল ও আধুনিক রূপচক্র দেখার সুযোগ হয়। পাশাপাশি চীনের আধুনিক স্পিনিং শিল্পের সমন্বিত প্রযুক্তি ও উৎপাদন ক্ষমতা তাঁদের নতুন দৃষ্টিভঙ্গি দান করে।কেবল শিল্প-কারখানাতেই সীমাবদ্ধ ছিল না এই আয়োজন; একাডেমিক ও সাংস্কৃতিক চর্চাতেও শিক্ষার্থীরা ছিলেন অনন্য। ‘Zhejiang Agriculture and Business College’-এ আয়োজিত বিভিন্ন সেশনে তাঁরা চাইনিজ থ্রিডি মিডিয়া, চা সংস্কৃতি ও চা প্রস্তুত শিল্প, চীনা ভাষা, প্রথাগত বর্ম সংস্কৃতি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত যানবাহনের প্রযুক্তি নিয়ে সেশনগুলোতে যুক্ত হন।

​হাতে-কলমে শিক্ষার অন্যরকম অভিজ্ঞতা মেলে ‘Shaoxing Secondary Technical School’-এ। সেখানে শিক্ষার্থীরা প্রথাগত ন্যাচারাল ইন্ডিগো ডাইং ও প্রিন্টিং কৌশল শিখে নিজ হাতে এর নমুনা প্রস্তুত করেন। প্রযুক্তির যুগে এমন ঐতিহ্যবাহী প্রক্রিয়ার সান্নিধ্য তাঁদের জন্য ছিল অত্যন্ত বিশেষ।

​ডিজিটাল অর্থনীতির বিশ্বায়নে নিজেদের সমৃদ্ধ করতে শিক্ষার্থীরা ঘুরে দেখেন ‘Hangzhou Digital Trade Point’। আধুনিক ই-কমার্স, প্রযুক্তিনির্ভর আন্তর্জাতিক বাণিজ্য ও ব্যবসায়িক মডেলের বাস্তব চিত্র এখানে ফুটে ওঠে।

​আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখে শিক্ষার্থীরা ‘Zhejiang Agriculture and Business College’-এ অনুষ্ঠিত একটি বহুজাতিক গ্রুপ প্রেজেন্টেশনেও অংশ নেন। পুরো সফরের শেখা ও অভিজ্ঞতার চিত্র সেখানে বিশ্বমঞ্চে তুলে ধরেন তাঁরা, যা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও যোগাযোগের দক্ষতা বাড়িয়ে তুলতে ভূমিকা রাখে।

​এই বহুমাত্রিক প্রশিক্ষণে অংশ নেওয়া নিটারের ৮ তরুণ হলেন— সিফার হায়দার শিবিব, আব্দুল কায়ুম খন্দকার, জহিরুল ইসলাম প্রান্ত, খালিদ সাইফুল্লাহ ইফাফ, কাজি আব্দুল বাকি নাভীন, অমিত সরকার, আরিফুল ইসলাম এবং নাইমুর রহমান অপু।

​প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মতে, চীন থেকে শেখা অটোমেশন, দক্ষ উৎপাদন কৌশল ও প্রযুক্তির সঠিক ব্যবহার ভবিষ্যতে বাংলাদেশের টেক্সটাইল শিল্পে প্রয়োগ করার দারুণ সুযোগ রয়েছে। আন্তর্জাতিক মানের এই শিক্ষা ও পেশাগত দক্ষতা আগামী দিনে এ দেশের টেক্সটাইল শিল্পকে নতুন পথ দেখাবে বলে আশা করা হচ্ছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ