আজ ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জুন, ২০২৬ ইং

সাভারের শীর্ষ মাদক ব্যবসায়ী ও সাংবাদিক নির্যাতনকারী কক্সবাজারে গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক:

সাভারে এসএ টিভির সাংবাদিক সাদ্দাম হোসেন, দেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন এবং ক্যামেরাপারসন মনিরুল হক কাইয়ুমের ওপর হামলার প্রধান আসামি শীর্ষ মাদক ব্যবসায়ী শামীমসহ তিনজন কে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে সাভার থানা পুলিশ ।

বুধবার (১০ জুন) দুপুরে কক্সবাজার সদর থানা এলাকা থেকে মাদক ব্যবসায়ী শামীমসহ তিনজন গ্রেপ্তার করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেছে কক্সবাজার সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাদিম আলী।

এর আগে, সাংবাদিকদের উপর হামলার ঘটনায় প্রধান আসামি শামীমের সাথে সখ্যতা ও নিয়মিত যোগাযোগ থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় এই তিন পুলিশ সদস্যকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়।পরবর্তীতে সাভারের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে দীর্ঘদিন গ্রেপ্তার করতে না পারায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলীকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। পরে তাকে ঢাকা জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

উল্লেখ্য, গত ২২ মে দুপুরে মাদকসংক্রান্ত সংবাদ সংগ্রহের জন্য সাভারের আইচা নোয়াদ্দা এলাকায় যান এসএ টিভির সাংবাদিক সাদ্দাম হোসেন, দেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন এবং ক্যামেরাপারসন মনিরুল হক কাইয়ুম। এ সময় স্থানীয় মাদক কারবারিদের একটি সংঘবদ্ধ চক্র তাদের ওপর হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, চিহ্নিত মাদক কারবারিরা তিন সংবাদকর্মীকে মারধর করে এবং তাদেরকে জিম্মি করে স্থানীয় একটি গ্যারেজে নিয়ে যায় এবং সেখানে দেশীয় অস্ত্র দিয়ে নির্যাতন চালায়। হামলাকারীরা দেশ টেলিভিশনের গাড়ি ও ক্যামেরা ভাঙচুর করে এবং ক্যামেরা, মেমোরি কার্ড ও ট্রাইপড ছিনিয়ে নেয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত সংবাদকর্মীদের উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় তাদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনার পর পুলিশ চারজনকে আটক করলেও মাদক সিন্ডিকেটের মূল হোতা শামীমসহ কয়েকজন পালিয়ে যায়।

পরবর্তীতে তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখা হয়। সর্বশেষ বুধবার কক্সবাজার থেকে মামলার প্রধান আসামি শামীমকে গ্রেপ্তার করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ