মো: ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে কালিয়াকৈর উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিলো “এসো হে বৈশাখ ” গানের সাথে বৈশাখী শোভাযাত্রা, বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ, পিঠা উৎসব, লোকজ মেলা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিশেষ সংগীত পরিবেশন, উপজেলা জাসাস কর্তৃক প্রিন্স ইমামের আকর্ষণীয় জাদু প্রদর্শন ও শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মেয়র মোঃ মজিবুর রহমান। কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ,এম ফখরুল হোসাইনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার মোঃ ফাহিম শাহরিয়ার, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ভিপি আ,ন,ম খলিলুর রহমান ইব্রাহিম, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা জাসাসের আহবায়ক শাহ্ এরশাদ ফকির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসেন হান্নান, জাসাস শিল্প গোষ্ঠী প্রমুখ।