জাবি প্রতিনিধি :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন কলাভবনের পেছনের লেক সংস্কারের দাবিতে ৬টি প্রস্তাবের ভিত্তিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছেন নতুন কলা অনুষদের শিক্ষার্থীরা।
২ দিনের গণস্বাক্ষর কর্মসূচি শেষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ১০ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল উপাচার্য বরাবর সংস্কার প্রস্তাব উত্থাপন করে।
লেক সংস্কার বিষয়ে শিক্ষার্থীদের প্রস্তাবসমূহ ছিল:
নতুন কলা অনুষদ ও পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সংলগ্ন লেকটি দ্রুত সময়ে গভীরভাবে খনন করতে হবে।
পর্যাপ্ত সংখ্যক স্থায়ী পরিচ্ছন্নতা কর্মীর মাধ্যমে লেকে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করতে হবে এবং “লেক সংস্কার কমিটি”-র পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিতভাবে পর্যবেক্ষণ করতে হবে।
“লেক সংস্কার কমিটি”-র সংস্কার কার্যক্রমে একটি পূর্ণাঙ্গ “রোড ম্যাপ” শিক্ষার্থীদের সামনে প্রকাশ করতে হবে এবং একইসাথে কমিটির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
মুরাদ চত্বর সংলগ্ন ক্ষতিগ্রস্ত ড্রেনেজ ব্যবস্থার স্থায়ী সংস্কার করতে হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় দোকানসমূহ থেকে সৃষ্ট বর্জ্য পদার্থের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
বৃষ্টির পানিতে সমাজবিজ্ঞান ও গাণিতিক অনুষদের ফেলে রাখা ময়লা-আবর্জনা যেন লেকের পানিতে মিশে না যায়, সে জন্য এসব বর্জ্য স্থানান্তর করে উপযুক্ত ডাস্টবিনের ব্যবস্থা করতে হবে।
লেকের চারপাশ সংস্কার, গাছ লাগানো এবং সৌন্দর্য্যবর্ধনে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এছাড়াও, উল্লেখিত কার্যক্রম বাস্তবায়নে নতুন কলাভবনে অধ্যয়নরত শিক্ষার্থীরা প্রশাসনকে সর্বাত্মক সহায়তা করবে বলেও জানান তারা।
এ বিষয়ে দর্শন বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী তাজনীন নাহার তাম্মি বলেন, “নতুন কলা অনুষদের একজন শিক্ষার্থী হিসেবে প্রতিনিয়ত লেকটিকে মৃতপ্রায় হতে দেখছি। এর ফলে মশার উপদ্রব এবং পরিবেশগত ভারসাম্যহীনতাসহ নানান সমস্যার শিকার হচ্ছি আমরা। তাই আমরা মনে করি, লেক সংস্কারে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। এক্ষেত্রে প্রশাসন যদি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করে, তবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আমরা লেক সংস্কারে প্রশাসনকে সহযোগিতা করতে প্রস্তুত।”
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মোঃ কামরুল আহসান জানান, “প্রশাসনের এই বিষয়ে সদিচ্ছা আছে, তবে আর্থিক জটিলতার কারণে লেক খনন কার্যক্রম পর্যায়ক্রমে শুরু হবে।”
তিনি আরও জানান, বাকি সংস্কার প্রস্তাবগুলো দ্রুত সময়ের মধ্যে শুরু হবে।