আজ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৬ ইং

প্রেমিকার ঠোঁটে না, আমি খাই মশাদের চুমু’

আরিফুর রহমান সাদি

বসন্তের রঙে রাঙা, বর্ষায় সবুজে ঘেরা—প্রকৃতির অপার সৌন্দর্যের এক লীলাভূমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। সকালে লেকপাড়ে কুয়াশা, বিকেলে পাখির কলকাকলি—সব মিলিয়ে এক স্বপ্নময় পরিবেশ। কিন্তু সূর্য ডোবার পর থেকেই এই ক্যাম্পাসের রূপ পাল্টে যায়। আবাসিক হল, লেকপাড় থেকে শুরু করে একাডেমিক ভবনের করিডোর—সবখানে শুরু হয় এক ক্ষুদ্র অথচ ভয়ানক প্রতিপক্ষের দাপট। মশা!

রাত মানেই মশার সঙ্গে অসম লড়াই

বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের কাছে রাত মানেই এখন মশার সঙ্গে এক বিরক্তিকর যুদ্ধ। পড়ার টেবিলে বসা দায়, বিছানায় শুয়ে থাকা যেন শাস্তি। অনেকের কাছে মশারি এখন আর কোনো বিলাসিতা নয়, বরং আত্মরক্ষার ‘বাধ্যতামূলক অস্ত্র’।

মশার এই অসহনীয় উপদ্রব নিয়ে এক শিক্ষার্থী মজা করে জনপ্রিয় একটি গানের প্যারোডি করে বলেছেন—

“বিড়ি খাই আট আনার, Cigarette জোটে না
রাত হলে নেশাতুর ঘুমু,
বুকে দাগ ওঠে না প্রেমিকার ঠোঁটে না,
আমি খাই মশাদের চুমু।”

হাস্যরসাত্মক হলেও এই লাইনগুলোই এখন জাবিয়ানদের নির্মম বাস্তবতা। প্রেমিকার চুমু নয়, বরং মশার কামড়েই ক্ষতবিক্ষত হচ্ছে শরীর। মশার কামড় কেবল বিরক্তির কারণই নয়; এটি ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ার মতো মারাত্মক রোগের বাহক। আবাসিক এই ক্যাম্পাসে হাজারো শিক্ষার্থীর বসবাস হওয়ায় স্বাস্থ্যঝুঁকি ও ডেঙ্গুর শঙ্কা সবসময়ই তাড়া করে বেড়ায়। এক আবাসিক শিক্ষার্থী আক্ষেপ করে বলেন, “রাত হলে পড়াশোনার চেয়ে মশা মারতেই বেশি সময় যায়। কয়েল, স্প্রে, লিকুইড—সবই ব্যবহার করছি, তবুও রেহাই নেই।”

জাবিতে মশার এত আধিপত্যের পেছনের বিজ্ঞান ও বাস্তুসংস্থান নিয়ে কথা বলেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী মাহফুজ ইসলাম মেঘ। তিনি বলেন, “এটি বুঝতে হলে আমাদের জাহাঙ্গীরনগরের ফিজিওলজি, ইকোসিস্টেম ও বায়োডাইভারসিটির ওপর নজর দিতে হবে। জাবিতে রয়েছে অসংখ্য জলাশয়। তবে কেবল বড় লেকগুলোই মশার মূল উৎস নয়। বটতলায় যে মশা কামড়ায়, তার বড় উৎস হলো ভাসানীর পুকুর, বঙ্গ ও নিচু বটের ডোবা, লাইব্রেরির পেছনের ডোবা বা রেজিস্ট্রার ভবনের আশপাশের ডোবাগুলো।”

মেঘ আরও জানান, এই আবদ্ধ জায়গাগুলোতে প্রচুর জৈব পদার্থ (যেমন—বটতলা ও হলের উচ্ছিষ্ট) জমা হয়। ফলে এগুলো মশার ডিমপাড়া ও লার্ভা বৃদ্ধির জন্য চমৎকার ‘নার্সারি’তে পরিণত হয়। মশার এই জীবনচক্রে স্প্রে বা ধোঁয়া দিয়ে পূর্ণাঙ্গ মশা সাময়িকভাবে কমানো গেলেও, এদের বংশবৃদ্ধি আটকানো সম্ভব নয়। আবার জলাশয় ভরাট করাও কোনো সমাধান নয়, কারণ মশা তখন টবের পানি, ড্রেন বা পানির ট্যাঙ্কে ডিম পাড়বে। বরং মশার সর্বনাশ আদতে লুকিয়ে আছে ওই ডোবাগুলোর সঠিক ব্যবস্থাপনার মধ্যেই।

শিক্ষার্থীদের এই চরম দুর্ভোগে চুপ করে বসে নেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রিয় ছাত্র সংসদ (জাকসু)। জাকসুর কার্যকরী সদস্য চিশতি জানান তাদের চলমান সংগ্রামের কথা। তিনি বলেন, “শিক্ষার্থীদের রাতের ঘুম ও স্বাভাবিক জীবন যখন বিপর্যস্ত, তখন জাকসুর পক্ষ থেকে সমাজসেবা সম্পাদক আহসান লাবিব এবং আমরা দায়িত্ববোধ নিয়ে কাজ শুরু করি। প্রথমে অতিরিক্ত ফগিং মেশিন সংগ্রহ করে প্রতিটি হলে নিয়মিত ফগিং করা হয়। কিন্তু আমরা বুঝতে পারি, সমস্যার মূলে আঘাত না করলে স্থায়ী সমাধান সম্ভব নয়।”

এরপর তারা প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক অধ্যাপক কবিরুল বাশার স্যারের পরামর্শ নেন। সিদ্ধান্ত হয়, মশার জন্মস্থানেই আঘাত হানার। অনেক খোঁজাখুঁজি ও নিরলস চেষ্টার পর মশার লার্ভা ধ্বংসকারী কার্যকরী কীটনাশক ‘Temephos-50 EC’ সংগ্রহ করে জাকসু।

কীটনাশক হাতে পাওয়ার পর এক মুহূর্তও নষ্ট করেননি ছাত্রনেতারা। ইফতারের আগ মুহূর্তে মাত্র এক ঘণ্টা সময় হাতে পেলেও তারা ফয়জুন্নেসা হলের ড্রেন ও ডোবাগুলোতে স্প্রে করেন এবং বেগম খালেদা জিয়া হলের অর্ধেক এলাকায় লার্ভা ধ্বংস কার্যক্রম পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন জাকসুর ভিপি আবদুর রশিদ জিতু, কার্যকরী সদস্য আবু তালহা এবং ফয়জুন্নেসা হলের ভিপি বুবলি।

জাকসুর পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে নিয়মিত ফগিংয়ের পাশাপাশি ড্রেন, ডোবা ও পানি জমে থাকা প্রতিটি স্থানে নিয়মিতভাবে Temephos-50 EC প্রয়োগ করে মশার লার্ভা ধ্বংস করা হবে। মশার যন্ত্রণা থেকে শিক্ষার্থীদের মুক্তি না দেওয়া পর্যন্ত এই প্রচেষ্টা থামবে না বলে তারা দৃঢ়প্রতিজ্ঞ।

সৌন্দর্যের এই ক্যাম্পাসে এখন প্রয়োজন দীর্ঘমেয়াদী ও সমন্বিত উদ্যোগ। জাকসুর এই বিজ্ঞানভিত্তিক ও সময়োপযোগী পদক্ষেপ শিক্ষার্থীদের মনে আশার সঞ্চার করেছে। সবার প্রত্যাশা, খুব দ্রুতই মশার এই উপদ্রব থেকে মুক্তি মিলবে। তখন আর শিক্ষার্থীদের মশারি টেনে ‘মশাদের চুমু’ খাওয়ার ভয়ে রাত কাটাতে হবে না, বরং প্যারোডির লাইনগুলো কেবল আড্ডার মজার অনুষঙ্গ হিসেবেই থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ