আরিফুর রহমান সাদি:
জাকসু— ১৯৯২ সালের পর দীর্ঘ ৩৩ বছর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতির সর্বোচ্চ এই প্রাতিষ্ঠানিক মঞ্চটি ছিল তালাবদ্ধ, নিথর। কত ব্যাচ এল, কত ব্যাচ বিদায় নিল, কিন্তু শিক্ষার্থীদের অধিকার আদায়ের সেই কাঙ্ক্ষিত প্ল্যাটফর্মটি আর সচল হলো না। অবশেষে অসংখ্য আন্দোলন, দাবি আর সংগ্রামের পর পাঁচ মাস আগে ভাঙে সেই অচলায়তন। ক্যাম্পাসজুড়ে তখন উৎসবের আবহ—সাধারণ শিক্ষার্থীদের চোখেমুখে এক বুক প্রত্যাশা। তারা ভেবেছিলেন, এবার হলের ডাইনিংয়ের খাবারের মান নিয়ে কথা বলার কেউ থাকবে; গণরুমের অবর্ণনীয় কষ্ট লাঘবে প্রশাসনকে জবাবদিহির মুখে দাঁড় করানোর মতো একটি প্রাতিষ্ঠানিক কণ্ঠ তৈরি হবে। এক গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা প্রতিনিধি নির্বাচন করেছিলেন এই বিশ্বাসে যে—জাকসু হবে তাদের ‘বর্ম’, তাদের ‘কণ্ঠস্বর’।
কিন্তু পঞ্জিকার পাতায় মাত্র পাঁচ মাস পেরোতেই সেই উত্তাল উদ্দীপনা ম্লান হতে শুরু করেছে। যে জাকসুর কাছে আস্থার শেষ আশ্রয় খুঁজেছিল শিক্ষার্থীরা, তার গায়ে এখন লেগে যাচ্ছে ‘দলীয় লেজুড়বৃত্তি’ আর ‘প্রশাসনের ডামি’ হওয়ার অভিযোগ। ডিজিটাল বাংলাদেশের যুগেও অটোমেশনের অভাবে অ্যানালগ ভোগান্তি, হলগুলোতে মশার অসহনীয় উপদ্রব, বাস ট্র্যাকিংয়ের অভাবে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, নিরাপত্তা ও কোটা সংস্কারের মতো স্পর্শকাতর ইস্যুতে দৃশ্যমান ভূমিকার অভাব—সব মিলিয়ে ক্যাম্পাসে এখন উচ্চারিত হচ্ছে একটিই প্রশ্ন: জাকসু কি সত্যিই সাধারণ শিক্ষার্থীদের অধিকারের অতন্দ্র প্রহরী হয়ে উঠতে পেরেছে, নাকি এটি কেবল একটি নির্দিষ্ট প্যানেলের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার বাহন হয়ে পড়েছে?
বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে নিবিড় আলোচনায় উঠে এসেছে আশার বেলুন আর রূঢ় বাস্তবতার দ্বন্দ্বে জর্জরিত এক ক্যাম্পাসের প্রতিচ্ছবি—যেখানে প্রত্যাশা এখন পরিণত হচ্ছে গভীর আস্থাহীনতায়।
“আস্থার জায়গায় পৌঁছাতে পারেনি”— এ. এম. রাফিদুল্লাহ
বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী এ. এম. রাফিদুল্লাহ বলেন—
“এই কয়েক মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এখনো পুরোপুরি আস্থার জায়গায় পৌঁছাতে পারেনি। কিছু উদ্যোগ ও কর্মসূচি দৃশ্যমান হলেও সেগুলো সব দল ও মতের শিক্ষার্থীদের সমানভাবে সম্পৃক্ত করতে পারেনি। প্রতিনিধিত্ব শুধু নির্বাচিত হওয়ার মাধ্যমে নয়, বরং নিয়মিত সংলাপ, জবাবদিহি ও সমস্যা সমাধানের কার্যকর উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়—সেই জায়গায় আরও উন্নতির সুযোগ রয়েছে।”
“প্রথমত, অভিজ্ঞতার ঘাটতি ও প্রশাসনের সঙ্গে কার্যকর সমন্বয়ের অভাব বড় কারণ হতে পারে। দ্বিতীয়ত, শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতামত সংগ্রহের কাঠামো দুর্বল থাকলে প্রতিনিধিত্ব সীমিত হয়ে যায়। তৃতীয়ত, রাজনৈতিক প্রভাব বা গোষ্ঠীগত বিভাজন থাকলে তা সিদ্ধান্ত গ্রহণে নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। এ ছাড়া দীর্ঘদিন পর ছাত্র সংসদ সক্রিয় হওয়ায় প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে ফারাকও এই সীমাবদ্ধতার একটি কারণ।”
তিনি আরও বলেন, জাকসুর কাজ শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সমস্যা সমাধান করা এবং তাদের কণ্ঠস্বর হয়ে প্রশাসনকে চাপ দিয়ে দাবি আদায় বা আলাপ করা। তবে তার পর্যবেক্ষণ, জাতীয় বিষয় নিয়ে সংশ্লিষ্টতা বেশি হলেও শিক্ষার্থীদের অগণিত সমস্যায় যথেষ্ট মনোযোগ দেওয়া হচ্ছে না। চ্যান্সেলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল জটিলতায় আটকে থাকা কিংবা সাংস্কৃতিক আয়োজন ঘিরে বিতর্ক—এসব ক্ষেত্রেও দৃশ্যমান পদক্ষেপের অভাব রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
“তারা কখনো সকল শিক্ষার্থীর প্রতিনিধি হতে চায়নি”— লামিশা জামান
ইতিহাস বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী লামিশা জামান বলেন—
“জাকসু এই কয়েক মাসে শিক্ষার্থীদের প্রতিনিধি হতে পারেনি। বরং, আমার তো মনে হয় তারা কখনো সকল শিক্ষার্থীর প্রতিনিধি হতে চায়-ইনি। তারা শুধু চেয়েছে, জাকসুতে জয়লাভ করা প্রতিনিধিদের সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করতে। কারণ, তারা যদি শিক্ষার্থীদেরই প্রতিনিধি হতে চাইত, তাহলে শিক্ষার্থীদের ন্যূনতম চাওয়া-পাওয়া নিয়ে তারা কাজ করত।”
তিনি বলেন, “প্রতিনিধি না হয়ে উঠতে পারার সীমাবদ্ধতা মূলত এদের নিজেদের অদক্ষতা ও পূর্ববর্তী জীবনে ক্যাম্পাসভিত্তিক উল্লেখযোগ্য শিক্ষার্থীবান্ধব কর্মকাণ্ড না করা। … এভাবেই, জাকসু প্রতিনিয়ত শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে উঠতে ব্যর্থ হয়। আর অবশ্যই এর সঙ্গে তাদের নিজস্ব রাজনৈতিক মনোভাব থেকে বের হয়ে আসতে না পারার সীমাবদ্ধতা তো আছেই। তারা হয়তো ভুলে যায়, তাদের সম-রাজনৈতিক মনোভাবের শিক্ষার্থী ছাড়াও এই ক্যাম্পাসে বিশাল বড় অংশ জুড়ে অন্য মতাদর্শের শিক্ষার্থী অবস্থান করেন। তাদের প্রতিনিধি হওয়ার চেষ্টাটা জাকসু কখনো করেই না।”
“জাকসু শুরু থেকে আজ পর্যন্ত কখনো নিরপেক্ষ ছিলই না। তারা সবসময় একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ও প্রশাসনের পক্ষ নেওয়া একটা ডামি শিক্ষার্থী বডি। প্যানেলভিত্তিক জয়লাভটা সমস্যা না; সমস্যাটা তখন হলো যখন একটি একচেটিয়া মনোভাব পোষণ করা প্যানেল জয়লাভ করল তাদের প্রতারণামূলক ইশতেহার নিয়ে।”
“রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার”— সজীব আহমেদ জেনিচ
দর্শন বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী সজীব আহমেদ জেনিচ বলেন—
“শিক্ষার্থীদের নানারকম অভিযোগই প্রমাণ করে জাকসু শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে উঠতে পারেনি। শিক্ষার্থীদের সমস্যা ও সংকট সমাধানে যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার কথা ছিল, তা জাকসু করতে পারেনি।”
“জাকসুকে নানাভাবে রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে নির্বাচিত প্রতিনিধিরা। … এতে জাকসুর মান ক্ষুণ্ণ হয়েছে, সাধারণ শিক্ষার্থীদের কল্যাণের বদলে রাজনৈতিক দলের হাতিয়ারে পরিণত হয়েছে।”
“মূলত লেজুড়বৃত্তিক কর্মকাণ্ডের ফলেই জাকসুর কার্যক্রম নিরপেক্ষতা হারিয়েছে। … ফলে, তাদের মূল ফোকাস শিক্ষার্থী কল্যাণের দিকে ছিল না।”
“প্রশাসনের প্রতিনিধি হয়ে উঠেছে”— ফাইজান আহমেদ অর্ক
মার্কেটিং বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ফাইজান আহমেদ অর্ক বলেন—
“যে ভোটব্যাংকের জোরে জাকসুর প্রতিনিধিরা নির্বাচিত হয়েছে,