আরিফুর রহমান সাদি
একসময় সেচ, মাছ ধরা ও পানীয় জলের গুরুত্বপূর্ণ উৎস ছিল ধলেশ্বরী নদী। বছরের পর বছর শিল্পকারখানা, ট্যানারি ও গৃহস্থালি বর্জ্য ফেলার কারণে এখন নদীটি তীব্র দূষণের শিকার। রাজধানীর কেন্দ্র দিয়ে প্রবাহিত এই নদী তার স্বাভাবিক প্রবাহ ও পানির মানের বড় অংশ হারিয়েছে।
নতুন এক গবেষণায় ধলেশ্বরী নদীর ছয় প্রজাতির জলজ পোকামাকড়, নদীর পানি ও তলানিতে উচ্চমাত্রার অতিক্ষুদ্র প্লাস্টিক কণা (মাইক্রোপ্লাস্টিক) শনাক্ত হয়েছে। এতে বাংলাদেশের মিঠাপানির বাস্তুতন্ত্র ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
গবেষকেরা বলছেন, এসব পোকামাকড় মাছ, পাখি ও অন্যান্য প্রাণীর খাদ্য। ফলে অতিক্ষুদ্র প্লাস্টিক কণা খাদ্যশৃঙ্খলের মাধ্যমে মানুষের শরীরেও পৌঁছাতে পারে।
“বাংলাদেশের একটি নদী বাস্তুতন্ত্রে অতিক্ষুদ্র প্লাস্টিক দূষণে মধ্যস্থতাকারী হিসেবে জলজ পোকামাকড়” শিরোনামের গবেষণাটি পরিচালনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান। প্রাণিবিদ্যা বিভাগের সঙ্গে যৌথভাবে পরিচালিত গবেষণাটি ৫ মে সাইয়েন্টিফিক রিপোর্ট সাময়িকীতে প্রকাশিত হয়। গবেষকদের ভাষ্য, বাংলাদেশে এ ধরনের এটিই প্রথম গবেষণা।
গবেষণা দলে আরও ছিলেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক খন্দকার মো. জুলফিকার রহমান, শিক্ষার্থী মো. আশিকুর রহমান এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের মো. রাশেদুল হক ও ওয়াহিদা আহমেদ।
গবেষণার জন্য ধলেশ্বরী নদী থেকে ১০০টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ছিল ৩০টি পানির নমুনা, ৩০টি তলানির নমুনা এবং ছয় প্রজাতির পোকামাকড়।
তিনটি সম্পূর্ণ জলজ হেটেরোপ্টেরা প্রজাতি— ডিপ্লোনাইকাস অ্যানুলাটাস, ডিপ্লোনাইকাস রাসটিকাস ও রানাত্রা— এবং তিনটি ফড়িং প্রজাতি— ব্রাকিথেমিস কন্টামিনাটা, ক্রোকোথেমিস সারভিলিয়া ও অর্থেট্রাম সাবিনা— নিয়ে বিশ্লেষণ করা হয়। গবেষণায় ডিপ্লোনাইকাস অ্যানুলাটাস ও ডিপ্লোনাইকাস রাসটিকাস প্রজাতি বাংলাদেশে প্রথমবারের মতো নথিভুক্ত হয়েছে।
গড়ে প্রতি লিটার পানিতে ১৪৩টি এবং প্রতি কেজি তলানিতে ৩০ হাজার ১৫৩টি অতিক্ষুদ্র প্লাস্টিক কণা পাওয়া গেছে।
তুলনামূলক বিশ্লেষণে দেখা গেছে, ধলেশ্বরীর পানিতে অতিক্ষুদ্র প্লাস্টিকের মাত্রা বুড়িগঙ্গা নদীর (প্রতি লিটারে ১১৭ থেকে ২৫০টি), গঙ্গা–মেঘনা নদী ব্যবস্থার (৫০ থেকে ৬৪টি) এবং চীনের শিয়ানজিয়াং নদীর (৭ থেকে ১১টি) তুলনায় বেশি।
তলানির ক্ষেত্রেও ধলেশ্বরীর মাত্রা কর্ণফুলী (প্রতি কেজিতে ২২ থেকে ৫৯টি) এবং চীনের ইয়েলো নদীর তুলনায় অনেক বেশি।
পোকামাকড়ের মধ্যে সর্বোচ্চ অতিক্ষুদ্র প্লাস্টিক পাওয়া গেছে ডিপ্লোনাইকাস রাসটিকাস প্রজাতিতে (প্রতি গ্রামে ৫৭ দশমিক ৮২টি)। এরপর রয়েছে ব্রাকিথেমিস কন্টামিনাটা, রানাত্রা, ক্রোকোথেমিস সারভিলিয়া, ডিপ্লোনাইকাস অ্যানুলাটাস ও অর্থেট্রাম সাবিনা।
গবেষণায় পাঁচ ধরনের অতিক্ষুদ্র প্লাস্টিক শনাক্ত হয়েছে— তন্তু, খণ্ডিত কণা, দানা, পাতলা স্তর ও ফেনা। এর মধ্যে তন্তুর আধিক্য সবচেয়ে বেশি; পোকামাকড়ে ৭৪ শতাংশ, পানিতে ৬৫ শতাংশ এবং তলানিতে ৫৫ শতাংশ। গবেষকদের মতে, বস্ত্রশিল্প ও গৃহস্থালি বর্জ্য এ দূষণের প্রধান উৎস।
গবেষণায় আট ধরনের প্লাস্টিক পলিমার বা বহুলক শনাক্ত হয়েছে। গবেষকেরা জানান, অতিক্ষুদ্র প্লাস্টিক ভারী ধাতু, জৈব দূষক ও অ্যান্টিবায়োটিক বহন করতে পারে।
পোকামাকড়ে পাওয়া অতিক্ষুদ্র প্লাস্টিকের ধরন পানি ও তলানির সঙ্গে প্রায় মিল পাওয়া গেছে, যা প্রমাণ করে জলজ পোকামাকড় পানি ও স্থলভাগের বাস্তুতন্ত্রের মধ্যে দূষণ ছড়িয়ে দিচ্ছে।
গবেষণায় বলা হয়েছে, এসব কণা পোকামাকড়ের পরিপাকতন্ত্রে বাধা সৃষ্টি করে, পুষ্টি শোষণ কমায়, পানির ওপরের স্তর আবৃত করে ডিম নষ্ট করতে পারে এবং প্রজনন ও আবাসস্থল ব্যাহত করে।
অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, “অতিক্ষুদ্র প্লাস্টিক দূষণ এখন নদীভিত্তিক বাস্তুতন্ত্রের জন্য বড় হুমকি। প্ল্যাঙ্কটন ও ছাঁকনি-খাদক প্রাণীর মাধ্যমে খাদ্যশৃঙ্খলে প্রবেশ করে এগুলো মাছ, কাঁকড়া, শামুক ও জলজ পোকামাকড়ে জমা হয়— যেগুলো মানুষ খায়। ফলে দূষণ মানবদেহেও পৌঁছাচ্ছে।”
তিনি বলেন, আন্তঃসীমান্ত নদীর মাধ্যমেও অতিক্ষুদ্র প্লাস্টিক দেশে প্রবেশ করছে, যা জলজ জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
গবেষকের পরামর্শ, প্লাস্টিকের বিকল্প ব্যবহার বাড়ানো, ছোট প্লাস্টিক ব্যাগ পুনর্ব্যবহার, দূষণের উৎস নজরদারি, নদীতে ছাড়ার আগে ড্রেনের পানি শোধন এবং পরিবেশ অধিদপ্তরের অধীনে একটি স্বাধীন টাস্কফোর্স গঠন করা প্রয়োজন।
এছাড়া পরিকল্পনা–বাস্তবায়ন–যাচাই–কার্যক্রম (পিডিসিএ) চক্রের মাধ্যমে নিয়মিত পর্যবেক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
গবেষণাটি ইঙ্গিত দিচ্ছে, ধলেশ্বরী নদীর অতিক্ষুদ্র প্লাস্টিক দূষণ এখন পরিবেশগত সীমা ছাড়িয়ে জনস্বাস্থ্যের জন্যও উদ্বেগজনক হয়ে উঠেছে।