আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

প্রধান উপদেষ্টা বরাবর জবি শিক্ষার্থীর খোলা

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংগঠনের সংগঠক ফয়সাল মুরাদ প্রধান উপদেষ্টার প্রতি একটি খোলা চিঠি প্রকাশ করেছেন।

রবিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের হল সংকট, আবাসন সমস্যা এবং পুরান ঢাকার মানবেতর পরিবেশ নিয়ে উদ্বেগ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চিঠিটি প্রকাশ করেন তিনি।

চিঠিতে ফয়সাল মুরাদ বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে গভীর হতাশা ও বেদনার সঙ্গে এই চিঠি লিখছি। একসময় জগন্নাথ কলেজের হলগুলো আওয়ামী লীগের সহযোগী সংগঠন দখল করে নেয়। বিশ্ববিদ্যালয় হিসেবে ২০ বছর পার করলেও আজ পর্যন্ত একজন ছাত্রের জন্যও পূর্ণাঙ্গ আবাসনের ব্যবস্থা নিশ্চিত হয়নি।”

তিনি জানান, ২০১৪, ২০১৬, ২০২৪ এবং ২০২৫ সালে ধারাবাহিক আন্দোলন চালিয়েও শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত ফল পায়নি। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ থমকে থাকায় আগামী কয়েক বছরের মধ্যেও আবাসনের সম্ভাবনা ক্ষীণ। সর্বশেষ অনশন কর্মসূচিতে তিন দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। দাবিগুলো হলো:

১. সেনাবাহিনীর সঙ্গে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কার্যক্রম হস্তান্তরের চুক্তি দ্রুত স্বাক্ষর করতে হবে।
২. পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল স্ট্রাকচারভিত্তিক ভবনের নির্মাণকাজ দ্রুত শুরু ও শেষ করতে হবে।
৩. স্থায়ী আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত কমপক্ষে ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা দিতে হবে।

তিনি উল্লেখ করেন, সেনাবাহিনীর হাতে কাজ হস্তান্তর হলেও সংশোধিত ডিপিপি এখনও একনেক অনুমোদনের জটিলতায় আটকে আছে।

চিঠিতে মুরাদ আরও বলেন, “পুরান ঢাকার অস্বাস্থ্যকর পরিবেশে শিক্ষার্থীরা বাস করছে, যারা টিউশনি বা পার্টটাইম চাকরির মাধ্যমে নিজের খরচ চালায়। নেই আবাসন, নেই আবাসন ভাতাও। ২০২৪ সালের গণআন্দোলনে জবির শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকার চেষ্টা করেও ছাত্রলীগের প্রতিরোধে ব্যর্থ হয়েছে, নিজেদের ক্যাম্পাসেও আন্দোলনের সময় আহত হয়েছে অনেকেই।”

তিনি শহীদ একরামুল হক সাজিদের নাম স্মরণ করে বলেন, ফেরদৌস, নাসিম, অনিক, প্রভাসহ অনেকেই আহত হয়েছেন। কিন্তু এত ত্যাগের পরও জবির শিক্ষার্থীরা আজও অবহেলিত।

চিঠির শেষাংশে তিনি বলেন, “মাননীয় প্রধান উপদেষ্টা, আমাদের দিকে দয়া করে একবার সুদৃষ্টি দিন। আমরা আর পারছি না। হয় আবাসনের ব্যবস্থা করুন, না হয় অবিলম্বে ন্যায্য আবাসন ভাতা দিন। আমরা ক্লান্ত, আমরা বিপর্যস্ত—আর টিকে থাকতে পারছি না।”

চিঠি প্রসঙ্গে ফয়সাল মুরাদ বলেন, “আল-সুন্নাহ ফাউন্ডেশন যদি এত দ্রুত আবাসন দিতে পারে, তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন পারছে না? সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নিতে আমি প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি।”

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ