আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

নিটারে শোষণমুক্ত শিক্ষা আন্দোলনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

আরাফাত কাদির, নিটার প্রতিনিধি:

ঢাকার অদূরে সাভারে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ শিক্ষার সুষ্ঠু পরিবেশের দাবিতে চলমান শোষণমুক্ত শিক্ষা আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

বৃহস্পতিবার, ৬ মার্চ সকাল থেকে নিটারের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়ে এই কর্মসূচি পালন করে। অভিযুক্ত ১৪ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর অপসারণের দাবিতে তারা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ জানায়।

শিক্ষার্থীদের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে গুরুতর শোষণের অভিযোগ থাকা সত্ত্বেও দীর্ঘ ছয় মাসেও প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার আশ্বাস দেওয়া হলেও বাস্তব পদক্ষেপের অনুপস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ চরমে পৌঁছেছে। শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে অভিযুক্তদের অপসারণ করতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

সকালে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে এবং শেষে প্রশাসনিক ভবনের সামনে এসে অবস্থান নেয়। সেখানে তারা মানববন্ধন করে এবং বক্তব্য প্রদান করেন। শিক্ষার্থীদের বক্তব্য ছিল, “দীর্ঘ ছয় মাস ধরে অপেক্ষা করছি, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কেবল আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করা হচ্ছে।

আমরা আর অপেক্ষা করব না। দ্রুত অভিযুক্ত ১৪ জনকে অপসারণ করতে হবে।” শিক্ষার্থীরা প্রতীকী পুত্তলিকা তৈরি করে, যেখানে প্রথমে জুতা নিক্ষেপ করা হয় এবং পরে আগুন ধরিয়ে দেওয়া হয়। তারা বিভিন্ন স্লোগান দেয়, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল, “শোষকদের জায়গা নেই, নিটার হবে মুক্ত!” এবং “অন্যায়কারীদের শাস্তি চাই!”

মানববন্ধন ও বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেয়, দাবি পূরণ না হলে তারা আরও কঠোর আন্দোলনে যাবে। এক আন্দোলনকারী শিক্ষার্থী বলেন, “আমরা বারবার প্রশাসনের কাছে গিয়েছি, কিন্তু তারা শুধু প্রতিশ্রুতি দিয়ে আমাদের বিভ্রান্ত করেছে। আমরা সুবিচার চাই, দুর্নীতিগ্রস্তদের অপসারণ চাই।”

অন্য এক শিক্ষার্থী বলেন, “নিটারকে আমরা শোষণমুক্ত করতে চাই। যারা শিক্ষার্থীদের অধিকার হরণ করছে, তাদের জায়গা দেওয়া যাবে না। আমরা চাই অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।”

শিক্ষার্থীদের এই প্রতিবাদ ও হুঁশিয়ারির পর প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, আন্দোলনের তীব্রতার কারণে প্রশাসন দ্রুত কোনো পদক্ষেপ নিতে বাধ্য হবে।

নিটারের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে লড়াই করে আসছে। তবে প্রশাসনের নিষ্ক্রিয়তায় তারা আর ধৈর্য ধরে রাখতে পারছে না।

আজকের আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা স্পষ্ট বার্তা দিয়েছে যে, তারা অন্যায় সহ্য করবে না। এখন দেখার বিষয়, প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয় নাকি পরিস্থিতি আরও জটিল হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ