জাবি প্রতিনিধি:
সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী নিপীড়ন এবং অনিরাপত্তার প্রতিবাদে মশাল মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে একটি মশাল মিছিল বের করেন তারা।
এ সময় শিক্ষার্থীদের “নিপীড়নের বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে”, “অবিলম্বে জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে”, “পুরুষতন্ত্রের বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে”, “এক, দুই, তিন, চার—জাহাঙ্গীর, গদি ছাড়”, “রাষ্ট্র আমার নিরাপত্তা দে, নইলে গদি ছেড়ে দে”, “জাহাঙ্গীরের গদিতে আগুন জ্বালো একসাথে”, “ধর্ষক রাষ্ট্রের গদিতে আগুন জ্বালো একসাথে”, “বাহ, পুলিশ চমৎকার—ধর্ষকদের পাহারাদার”, “আমার বোন ধর্ষিত কেন? জবাব চাই দিতে হবে”, “আমরা কি চাই? আজাদি!”, “ধর্ষণ থেকে আজাদি!”—সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
শিক্ষার্থীদের মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মেয়েদের সবগুলো হল প্রদক্ষিণ করে বটতলা এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে একটি সমাবেশ করেন তারা।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মার্কসবাদী) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক সজীব আহমেদ জেনিচের সঞ্চালনায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য দেন।
এ সময় বাংলা বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মনীষা হক বলেন, “আমরা সবাই মিলে যে আবেগ থেকে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম, বর্তমানে আমরা সেই আবেগের বাস্তবায়ন দেখছি না। আজ ঘর থেকে রাস্তা পর্যন্ত কোথাও আমরা নিরাপদ নই। প্রশাসনের যদি এখনো টনক না নড়ে, তবে যেভাবে শেখ হাসিনার পতন ঘটিয়েছিলাম, ঠিক একইভাবে এই সরকারেরও পতন ঘটানো হবে। আমাদের নিরাপদ করুন, অথবা আপনাদের গদি ছেড়ে দিন।”
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার একাংশের সভাপতি অমর্ত্য রায় বলেন, “৫ আগস্টের পর আমরা দেখেছি, শ্রমিকদের আন্দোলনকে আওয়ামী দোসর বলে চালিয়ে দেওয়া হলো। দেশে যখন ধর্ষণ, খুন, রাহাজানি বেড়ে গেল, তখন স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন— এগুলো নাকি আওয়ামী লীগের দোসররা করছে। যদি আওয়ামী লীগের দোসররাই এসব ঘটায়, তাহলে আপনারা ব্যবস্থা নিচ্ছেন না কেন?
সাত মাসে আমরা দেখেছি, এই সরকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কিছু করতে পারেনি। আমরা বাসে, ট্রেনে আমাদের বোনদের যে নিরাপত্তা চেয়েছিলাম, সেই নিরাপত্তার কোনো লেশই দেখতে পাচ্ছি না।
আমরা এ কারণে বলতে চাই— ৫ আগস্টে আমাদের যে শপথ ছিল, স্বৈরাচার হাসিনাকে হটানোর, সেই একই শপথ আমাদের তৈরি হচ্ছে এই ইউনুস সরকারকে থামানোর জন্য। আমরা অবিলম্বে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আরও কার্যকর হতে হবে।”
বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী ও নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগরের অন্যতম সংগঠক ইমরান শুভ বলেন, “আমাদের দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন কোন পর্যায়ে আছে, তা আমরা প্রতিনিয়ত টিভি নিউজ ও সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। আমরা এই নৈরাজ্য চাই না, আমরা চাই সুস্থ, স্বাভাবিকভাবে বাঁচতে। আমরা চাই আমাদের জীবনের নিরাপত্তা। আমাদের জান-মালের জিম্মা রাষ্ট্রের হাতে, সরকারের হাতে। রাষ্ট্র যদি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে নাগরিকের রাষ্ট্রের প্রতি আনুগত্যের কোনো মানে থাকে না।
আমরা রাষ্ট্রে থাকি এই কারণে যে রাষ্ট্র আমাদের সকল নাগরিক চাহিদা, আমাদের নিরাপত্তা এবং সকল ধর্মের মানবিক ও মৌলিক অধিকার পূরণ করবে। কিন্তু আমরা দেখেছি, গত সাত মাসে এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কোনো দাবি পূরণ করতে পারেনি, চাহিদা পূরণ করতে পারেনি, আমাদের নিরাপত্তা দিতে পারেনি। আমাদের মায়েরা-বোনেরা রাস্তায় ধর্ষিত হচ্ছে। দিনমজুর, চাকরিজীবী, ব্যবসায়ী কেউই নিরাপদে রাস্তায় চলতে পারছেন না। রাস্তায় ছিনতাইয়ের শিকার হতে হচ্ছে, এমনকি মরতেও হচ্ছে।
আমরা চাই এই অবস্থার অবসান ঘটুক। আমরা চাই দেশে আইন ও বিচার পুনরায় প্রতিষ্ঠিত হোক নতুন কোনো ব্যবস্থার মাধ্যমে। প্রতিবার একই ধরনের আইন ব্যবস্থার পুনরাবৃত্তি আমরা চাই না। আমরা চাই, রাষ্ট্রে নতুন আইন ব্যবস্থা গড়ে উঠুক, যা নাগরিকদের প্রকৃত নিরাপত্তা দিতে সক্ষম হবে।