জাবি প্রতিনিধি:
ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের (৫৩ ব্যাচ) শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় অপরাধীর বিচারসহ ১১ দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসনকে রাচির মৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তিকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের আল্টিমেটামের ৪৮ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর আজ রোববার সকাল সাড়ে ৮ টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
এ সময় মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নাজমুল হোসেন নিরব বলেন, “আমাদের ১১ দফার মূল দাবি ছিল, রাচির হত্যাকারীকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। কিন্তু এখন পর্যন্ত আমরা প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। আমরা প্রশাসনকে দুই দিনের আল্টিমেটাম দিয়েছিলাম।
এখনো পর্যন্ত হত্যাকারীকে শনাক্ত করে গ্রেফতার করতে প্রশাসন ব্যর্থ হয়েছে। তাই আমরা আজকে নতুন প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছি। আমাদের দাবি আদায় হওয়ার আগপর্যন্ত নতুন প্রশাসনিক ভবন তালাবদ্ধ থাকবে।”
পরে দাবি পূরণে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে বেলা ১ টার দিকে তালা খুলে দেওয়া হয়। এ সময় বিজনেস স্টাজিড অনুষদের তালাও খুলে দেন শিক্ষার্থীরা। উল্লেখ্য, এর আগে গত ২১ নভেম্বর ১১ দফা দাবিতে বিজনেস স্টাডিজ অনুষদে তালা ঝুলিয়ে দিয়েছিলেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে প্রথম বর্ষের শিক্ষার্থী মুহাম্মদ মাহাদী বলেন, “গত বৃহস্পতিবার আমাদের মশাল মিছিল কর্মসূচি ছিল। মশাল মিছিলে আমাদের মূল দাবি ছিল, রাচির হত্যাকারীকে যতক্ষণ পর্যন্ত শনাক্ত করে শাস্তির আওতায় না আনা হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের ক্লাসে ফিরব না।
এরই প্রেক্ষিতে আমরা প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম। প্রশাসন যেহেতু আমাদের দাবি পূরণে ব্যর্থ হয়েছে তাই আমরা আজকে নতুন প্রশাসনিক ভবন ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছিলাম।
আমরা আজকে উপাচার্যের সাথে কথা বলেছি। তিনি আমাদের দাবি পূরণে আশ্বাস দিয়েছেন। উনার আশ্বাসে আমরা প্রশাসনিক ভবন এবং বিজনেস স্টাডিজ অনুষদের তালা খুলে দিয়েছি।
সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, “শিক্ষার্থীদের কিছু দাবি আমরা ইতোমধ্যে পূরণ করেছি এবং বাকি দাবিগুলো আগামী দুই দিনের মধ্যে দৃশ্যমান করার চেষ্টা করব।
পুলিশ সেই রিকশাচালককে গ্রেপ্তারের চেষ্টা করছে। এ জন্য যেকোন ধরনের সহায়তা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রস্তুত রয়েছে”
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এম. মাহফুজুর রহমান বলেন, “প্রথম বর্ষের শিক্ষার্থীরা সকল একাডেমিক কার্যক্রম বর্জন করেছে। আমরা তাদের আশ্বস্ত করেছি যে, রিকশাচালককে শনাক্ত ও গ্রেপ্তারে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।”
এ সময় তিনি শিক্ষার্থীদেরকে ক্লাসে ফিরে যেতে অনুরোধ করেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, ১ নং দাবি তথা হত্যাকারীকে শনাক্ত করে শাস্তি নিশ্চিতসহ অন্যান্য দাবি বাস্তবায়নের দৃশ্যমান পদক্ষেপ প্রতীয়মান না হওয়া পর্যন্ত তারা ক্লাস, পরীক্ষা, ল্যাবসহ সকল কার্যক্রম বর্জন করেছেন।
উল্লেখ্য, শিক্ষার্থীদের অন্যান্য দাবিগুলো— ২৪ ঘন্টার মধ্যে সিন্ডিকেট মিটিং ডেকে জাবি মেডিকেল সেন্টারে মূমুর্ষ ব্যক্তির পর্যাপ্ত চিকিৎসার সুব্যবস্থার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, ক্যাম্পাসে নিবন্ধিত এবং স্পিডোমিটার সংবলিত পরিবহন ব্যবস্থা চালু করতে হবে, পরিবহন শ্রমিকদের জন্য ইউনিক আইডি এবং ড্রেস কোড নিশ্চিত করতে হবে, সম্পূর্ণ ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা এবং পর্যাপ্ত পরিমাণের আলোর ব্যবস্থা করতে হবে ও সিসিটিভি নিয়মিত মনিটরিং এর আওতায় রাখতে হবে, পর্যাপ্ত সংখ্যক দক্ষ নিরাপত্তা কর্মী রাখতে হবে এবং ক্যাম্পাসে বহিরাগত প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে, গাছ না কেটে রাস্তা প্রশ্বস্তকরণ ও ফুটপাত নির্মাণ করতে হবে, রাস্তার মোড়ে সাইড মিরর এবং রোড সাইনের ব্যবস্থা করতে হবে, আফসানা করিম রাচিকে মরণোত্তর ডিগ্রি প্রদান করতে হবে।
রাচির স্মরণে বিশ্ববিদ্যালয় প্রশাসন মেধাবৃত্তি প্রদানের পদক্ষেপ নিতে পারেন, রাচির স্মরণে ক্যাম্পাসে স্থায়ী স্মৃতিফলক নির্মাণ করতে হবে এবং নির্মাণাধীন সেন্ট্রাল লাইব্রেরির একটি অংশের নাম রাচির নামে নামকরণ করতে হবে, আফসানা করিম রাচির বিদায়ী আত্মার মাগফেরাত কামনার জন্য কেন্দ্রীয় ভাবে দোয়া মাহফিলের ব্যবস্থা গ্রহণ করতে হবে ও কয়েকজন সাধারণ শিক্ষার্থী এবং ৫৩ ব্যাচের কয়েকজনকে তদন্ত কমিটিতে পর্যবেক্ষক হিসেবে রাখতে হবে এবং সকল দাবি মানা হচ্ছে কিনা সেই বিষয়ে অবগত করতে হবে।