জাবি প্রতিনিধি:
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কর্মকান্ড, বিদ্বেষমূলক আচরণ ও রাষ্ট্রীয় নীরবতার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ (৩০ সেপ্টেম্বর) সোমবার বিকাল ৩:৩০ ঘটিকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ সংলগ্ন রাস্তার পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪৮তম আবর্তনের শিক্ষার্থী ফাইজা মেহজাবিনের সঞ্চালনায় অনেকেই বক্তব্য রাখেন।
বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪৭তম আবর্তনের শিক্ষার্থী প্রাপ্তি তাপস্বী বলেন, “আমাদের দীর্ঘদিনের সংগ্রাম, বঞ্চনা এবং শোষণের ফলাফল হিসেবে আমরা দেখি শিক্ষার্থী-জনতার এক বিপুল গণআন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে।
সরকারের পতন হওয়ার পর নতুন বাংলাদেশে আমাদের সকলের প্রত্যাশা ছিল নতুন বাংলাদেশ হবে আমাদের সকলের স্বপ্নের বাংলাদেশ; যেখানে সকল ধর্মের, সকল বর্ণের, সকল জাতীয়তার, সকল লিঙ্গের, সকল ধরণের রাজনৈতিক মতাদর্শের মানুষের সহাবস্থান থাকবে।
আমরা যখন স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি তখন ভাবিনি আমাদের পাশে যে সহযোদ্ধাটি রয়েছে তার মত কী, জাতিসত্তা কী, রাজনৈতিক মতাদর্শ কী কিংবা তার লিঙ্গ কী! বরং আমরা কাধে কাধ রেখে, হাতে হাত রেখে ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে হটিয়েছি, স্বৈরাচারের পতন ঘটিয়েছি।
কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্বৈরাচারের পতনের পর যে নতুন বাংলাদেশ সৃষ্টি হচ্ছে সেখানে আমাদের মধ্যে খুব বিভেদ। বিভেদ সুন্দর, বিচিত্রতা সুন্দর কিন্তু সেই বিচিত্রতার মধ্যে সহাবস্থান থাকাটা গুরুত্বপূর্ণ।
বর্তমানে যে বিচিত্রতা বাংলাদেশের জনগণের মধ্যে বিরাজ করছে সে বিচিত্রতার মধ্যে সহাবস্থান নেই, রয়েছে সংখ্যালঘুদের উপর আক্রমণ, ভিন্ন জাতিগোষ্ঠীর উপর আক্রমণ আর খারিজ করে দেওয়ার রাজনীতি।
যে কথা আমরা বারবার বলতে চেয়েছি, কাউকে খারিজ করে দেওয়ার রাজনীতির জন্য আমাদের শহিদেরা রক্ত দেয়নি। আমরা চেয়েছি নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন যেখানে আমরা সকলে একসাথে থাকব, একসাথে বাঁচব, একসাথে কাজ করব।
আমাদের মতের ভিন্নতা থাকতেই পারে কিন্তু কারোর সাথে কারোর মত না মিললে তাকে গলা চেপে ধরতে হবে, ঘরে কোণঠাসা করে রাখতে হবে, ধ্বংস করে দিতে হবে কিংবা একঘরে করে দিতে হবে এই বাংলাদেশ না চেয়েছিল ১৯৭১ সালে আমাদের শহিদেরা, না চেয়েছিল ২০২৪ সালে আমাদের শহিদেরা।
আমরা দেখেছি একটি ফেসবুক স্টোরির জের ধরে একজন শিক্ষককে কোনো ধরণের তদন্ত ছাড়াই শুধুমাত্র ‘মব’র কথায় তার পদ থেকে বরখাস্ত করা হলো। ড. সামিনা লুৎফা এবং অধ্যাপক কামরুল হাসান মামুনকে বিভিন্ন ট্যাগ দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া আয়োজনটি বাতিল করা হয়েছে।
পরবর্তীতে শিক্ষাক্রম সংস্কার কমিটিই বাতিল করা হয়েছে। সবচেয়ে হতাশাজনক ও শঙ্কার বিষয় হচ্ছে যে অন্তর্বর্তী সরকার হাজার হাজার মানুষের রক্তের উপর দিয়ে গঠিত হয়েছে সে সরকার ‘মব’ যা বলছে তাই করছে। আমরা চাই, অন্তর্বর্তী সরকার আমাদের কথাগুলো আমলে নিবে ও বাংলার সকল মানুষের সামাজিক নিরাপত্তা ও মানবাধিকারকে প্রাধান্য দিবে।”
এছাড়াও আইইউবিএটি কর্তৃপক্ষ যে ভয়াবহ কাজটি করেছে মানববন্ধন থেকে তার তীব্র নিন্দা জানানো হয়।