আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

ধর্ষণকাণ্ডে বহিস্কারের বিষয়ে রেজিস্টার আবু হাসানের ভুল তথ্য গণমাধ্যমে ছড়াছড়ি

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত তিন ফেব্রুয়ারি ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মোস্তাফিজুর রহমান এবং ধর্ষণে সহায়তাকারী মুরাদ হোসেনের সনদ স্থায়ীভাবে বাতিল করা হয়েছে। একইসাথে ধর্ষককে পালিয়ে যেতে সাহায্যকরার অপরাধে আরও চারজনকে স্থায়ীভাবে বহিস্কার এবং ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।

গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত নিয়মিত সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সিন্ডিকেটের সদস্য সচিব ও রেজিস্ট্রার আবু হাসান গণমাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে তথ্যবিভ্রাট করেছেন বলে অভিযোগ উঠেছে।

গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলে জানা যায়, রেজিস্টার আবু হাসান গণমাধ্যমে বলেছিলেন ২জনের সনদ স্থায়ীভাবে বাতিল এবং আরও পাঁচজনকে স্থায়ী বহিস্কার করা হয়েছে। তার হিসেবে মোট সাতজন শিক্ষার্থীকে শাস্তি প্রদান করা হয়েছে।

তবে খোঁজ নিয়ে জানা যায়, ধর্ষণকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের মোট ৬জনের নামে অভিযোগ ছিল। তাহলে আরেকজন অতিরিক্ত কোন শিক্ষার্থীকে অভিযুক্ত করে বহিস্কার করা হয়েছে সেটা নিশ্চিত হতে পারছিলেন না গণমাধ্যমকর্মীদের একটি অংশ। বিষয়টি নিশ্চিত হতে আবু হাসানকে দফায় দফায় কল করা হলে তিনি সাংবাদিকদের কল ধরেননি।

এদিকে তার দেওয়া তথ্য নির্ভর করে বেশ কয়েকটি সংবাদমাধ্যম সংবাদ প্রকাশ করলে বিষয়টি নিয়ে জলঘোলা হতে থাকে। আবু হাসানের এমন ভুল তথ্যে সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করে তার দায়িত্বহীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

সিন্ডিকেট সদস্য সূত্রে জানা গেছে, ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত শাখা ছাত্রলীগের আন্তজার্তিক বিষয়ক সম্পাদক ও আন্তজার্তিক সম্পর্ক বিভাগের ৪৫ তম ব্যাচের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমানের এবং শাখা ছাত্রলীগের সহসম্পাদক ও একই বিভাগের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী মুরাদ হোসেনের সনদ স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।

এ ঘটনায় বাকী অভিযুক্তদের চারজনকে বিশ্ববিদ্যালয় থেকে চিরতরে বহিষ্কার করা হয়েছে। একইসাথে তাদের সবাইকে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এছাড়া ধর্ষণে মূল অভিযুক্ত বহিরাগত মামুনুর রশিদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে মামলার বিষয়টি বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে।

চিরস্থায়ী বহিষ্কৃতরা হলেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী ও মীর মশাররফ হোসেন হল ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী মোস্তফা মনোয়ার সিদ্দিকী সাগর, একই বিভাগের ৪৪ ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সহসভাপতি শাহ পরান, একই বিভাগের ৪৫ ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী মো. হাসানুজ্জামান ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী সাব্বির হাসান সাগর।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ