প্রতিনিধি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের শিকার হয়ে মানসিক বিধ্বস্ত এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক শিক্ষার্থী।
গত (১৭ মার্চ) রাত ২টা থেকে ভোররাত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হলের গণরুমে র্যাগিংয়ের এ ঘটনা ঘটে। এ সময় ভুক্তভোগীর হাতে স্টাম্প দিয়ে আঘাত দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার (১জুন) হলের প্রাধ্যক্ষ বরাবর অভিযোগ জানিয়েছেন র্যাগিংয়ের শিকার ওই শিক্ষার্থী।
র্যাগিংয়ের শিকার ভুক্তভোগী শিক্ষার্থীর নাম অংকর সাহা। তিনি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রথম বর্ষের (৫১তম ব্যাচ) শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হলের আবাসিক ছাত্র।
অভিযুক্ত হলেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সায়েম হাসান সামি।তিনি বিশ্ববিদ্যালয়ের ২০-২১ শিক্ষাবর্ষের (৫০ তম ব্যাচ) শিক্ষার্থী এবং শহীদ সালাম বরকত হলের আবাসিক শিক্ষার্থী।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত ১৭ই মার্চ শহীদ সালাম বরকত হলের ১০২ নং রুমে অভিযুক্ত সায়েম হাসান সামি ভুক্তভোগীকে আলাদা ভাবে ডেকে নিয়ে মা-বাবা তুলে অকাথ্য ভাষায় গালা-গালি করে এবং স্টাম্প দিয়ে হাতে আঘাত করে। তখন ভুক্তভোগী প্রচন্ড ভয় পেয়ে যান এবং মানসিক ভাবে ভেঙে পড়ার ফলে ২ দিন ক্লাস করতে পারেন নি।
পরবর্তীতে গত মাসের ১২ মে রাত ২ টায় গণরুম থেকে সবাইকে বের করে শুধু ভুক্তভোগীকে গণরুমে রাখেন অভিযুক্ত সামি। রাত ২ টা থেকে ৩ টা পর্যন্ত চলে আরেক দফা র্যাগিং।
অকাথ্য ভাষায় গালি গালাজ এবং মানসিক ভাবে নির্যাতন চালানো হয় ভুক্তভোগী অংকুরের উপর এবং এক পর্যায়ে গলা ধাক্কা দিয়ে দেয়ালে ফেলে দেওয়া হয়। এতে ভুক্তভোগী পায়ে ব্যাথা পান।
সর্বশেষ গত ২৭ মে ভুক্তভোগীকে ফোন দিয়ে অভিযুক্ত সামি হুমকি দেন। এসব ব্যাপারে কাউকে জানালে বা অভিযোগ দিলে ভুক্তভোগীকে ক্যাম্পাসে থাকতে দিবেন না এবং আরো বলেন যে তাঁর বড় ভাই হচ্ছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ সভাপতি আসাদুজ্জামান আসাদ।
এ ব্যাপারে ভুক্তভোগী শিক্ষার্থী অংকুর সাহা
বলেন, ” আমার সাথে কি কি ঘটেছে সব অভিযোগ পত্রেই লিখা আছে। আমি নিরাপত্তা হীনতায় ভুগছি। যার কারনে অভিযোগ দিতে বাধ্য হয়েছি।”
এতোদিন পর কেনো অভিযোগ দিলেন তা জানতে চাইলে ভুক্তভোগী অংকুর বলেন, “ক্যাম্পাসে মোস্ট জুনিয়র ব্যাচ হওয়ায় ভয়ে অভিযোগ দেইনি।
তাছাড়া অভিযুক্ত সামি আমাকে বলেছিলেন কাউকে জানালে ক্যাম্পাসে আমাকে থাকতে দিবেন না। হলে যদি না থাকতে পারি তাহলে থাকবো কোথায়। এসব ভয়ে অভিযোগ দিতে দেরি হয়েছে। এখন আর পারছি না। মানসিকভাবে বিধ্বস্ত আমি। “
অভিযোগের ব্যাপারে অভিযুক্ত সায়েম হাসান সামির সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি। ক্ষুদে বার্তা পাঠালেও তার কোন সাড়া পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে শহীদ সালাম-বরকত হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সুকল্যাণ কুমার কুন্ডু বলেন, ‘অভিযোগের ব্যাপারে কিছু জানি না। অফিসে অভিযোগ পত্র এসেছে জেনেছি। র্যাগিং কাম্য নয়। র্যাগিংয়ের সঙ্গে জড়িত কাউকে পাওয়া গেলে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।