আব্দুল্লাহ আল মামুন, জাবি প্রতিনিধি
অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ করে উন্নয়ন সম্ভব নয়। এজন্য উন্নয়ন প্রকল্পের মাস্টারপ্ল্যান রিভাইজ করতে হবে।
রিভাইজের পর শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে আলোচনা করতে হবে। টাকা আসলেই তড়িঘড়ি করে কাজ করতে হবে কেন? শিক্ষক-শিক্ষার্থীদের যেটা প্রকৃত প্রয়োজন তা বাস্তবায়ন হবে।
অবকাঠামোগত উন্নয়ন শুধু জাহাঙ্গীরনগর নয় সারাদেশে প্রয়োজন। তা হতে হবে পরিকল্পিত, প্রাণ প্রকৃতি নির্ভর ও পরিপূর্ণ ব্যবহারযোগ্য।
এ কাজের জন্য স্বচ্ছতার প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ।
রবিবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদ কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি আরো বলেন, জাবির অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পে অনেক সমস্যা আছে। সেগুলো নিয়ে আমরা আগেও সাবেক ভিসির সাথে কথা বলেছি।
আমরাও চাই শিক্ষকদের বসার জন্য জায়গা, শিক্ষার্থীদের ক্লাসরুম, সেমিনার, লাইব্রেরী হোক। কিন্তু তা হতে হবে পরিকল্পিত। সমাজবিজ্ঞান ভবনের মতো নয়, যেখানে পর্যাপ্ত আলো-বাতাস প্রবেশ করে না।
প্রশাসন এখন বলছে সমাজবিজ্ঞান ভবনটি মাস্টারপ্ল্যানের বাইরে তৈরি হয়েছে। মাস্টারপ্ল্যানের বাইরে তো এখনও কাজ হচ্ছে। এত টাকা খরচ করে অডিটোরিয়াম করা হলো কিন্তু সেখানে কথা শুনতে পায় না, মানুষ বসতে পারেনা গরমের জন্য।
আনু মুহাম্মদ বলেন, গাছপালার মানুষের দরকার নেই। দুনিয়ার বুকে মানুষ বেঁচে না থাকলেও গাছপালার কিছু আসে যায় না। কিন্তু গাছপালা ছাড়া মানুষ বাঁচতে পারবেনা।
গাছের সাথে শুধু মানুষ নয়, পুরো প্রাণবৈচিত্র্যের সম্পর্ক রয়েছে। এজন্য আমাদের ফলদ ও ঔষধি গাছ বেশি লাগানো প্রয়োজন।
আম, জামের মতো ফলদ গাছগুলো দেশ জুড়ে থাকলে মানুষের পুষ্টির অভাব হবেনা। নিম গাছের মত ঔষধি গাছ রোগ-বালাই দূর করবে।
এসময় ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি রাকিবুল রনি বলেন, বৃক্ষ রোপনের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানান দিতে চাই এখন ভবনের চেয়ে বেশি প্রয়োজন বৃক্ষের।
একটি ভবনের জন্য যদি একাধিক পরিমাণ বৃক্ষ নিধন করতে হয়, তাহলে সে ভবনের প্রয়োজন নেই। আমাদেরকে এর বিকল্প পন্থা খুঁজে বের করতে হবে।
যে সকল বিভাগের একাডেমিক ভবন নেই সেগুলো এমন জায়গায় তৈরি করা উচিত যেখানে পরিবেশের ন্যূনতম ক্ষতি হবে না।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ৪/৫ বছর পরে গিয়ে আমরা শুনতে পাই আসলে এখানে কোন মাস্টারপ্ল্যান নেই।
দ্বিতীয় ধাপের কাজগুলোর ইকোলজিক্যাল ছাড়পত্র আছে কিনা জিজ্ঞাসা করলে প্রশাসন এর গড়পরতা উত্তর দেয়, আছে। যখন তা দেখাতে বলা হয় তখন দেখাবো-দেখাচ্ছি করে লুকোচুরি করে।
তারা আরও বলেছে যে তাদের কাজগুলোতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আছে। কিন্তু সেখানে যে শর্তযুক্ত আছে সেটা তারা হাইলাইট করেন না। প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয় এমন কাজ আমরা চাই না। আমরা চাই দুটোর মধ্যে ব্যালেন্স রেখে কাজ হোক।
এসময় ছাত্র ইউনিয়ন জাবি সংসদের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির একশটি বৃক্ষ রোপন করা হয়।