আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

লীগ গেছে যেই পথে, দলও যাবে সেই পথে”

জাবি প্রতিনিধি:

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন শিক্ষার্থীরা। মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন, বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চ ও আধিপত্যবাদবিরোধী মঞ্চের জাবি শাখার নেতা-কর্মীরা অংশ নেন।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা “ছাত্রলীগ ও ছাত্রদল, সন্ত্রাস করে দুই দল”, “লীগ গেছে যেই পথে, দলও যাবে সেই পথে”, “সন্ত্রাসীদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও”, “ছাত্রদল সন্ত্রাসী করে, ইন্টেরিম কি করে” ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশ সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী শোয়াইব হাসান।

গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু বলেন, “অভ্যুত্থানের মাত্র সাত মাসের মাথায় একটি ক্ষমতালোভী দল ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করে পেশিশক্তির রাজনীতি চর্চার জন্য কুয়েট ক্যাম্পাসে তাদের ক্ষমতার প্রথম ধাপ উপস্থাপন করেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, সাত মাস আগের ইতিহাস কিন্তু খুব বেশিদিন আগের নয়। আপনারা যদি এমন ঘৃণিত রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যান, তাহলে লীগকে যেমন বিতাড়িত করেছি, আপনাদের ক্ষেত্রেও বিন্দুমাত্র সময় নেব না।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সদস্য সচিব তৌহিদ সিয়াম বলেন, “আমরা জুলাই পার করেছি, এখনও এক বছর হয়নি। কিন্তু একটি দল ক্ষমতায় যাওয়ার আগেই যে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে, তা থেকে বোঝা যায়, তারা যদি ক্ষমতায় যায়, তাহলে কতটা ভয়ানক হয়ে উঠতে পারে। দুই হাজার নিহত, আহত ও পঙ্গুত্ব বরণকারী শিক্ষার্থীর রক্তের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, সেখানে কেউ এসে শিক্ষার্থীদের ওপর হামলা করবে—এটা দেখার জন্য শিক্ষার্থীরা আত্মত্যাগ করেনি। স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা মাত্র ছত্রিশ দিনে বিদায় করেছি। বিএনপি নামক এই সন্ত্রাসী গোষ্ঠীকে বিদায় করতে ছাত্রসমাজ ছত্রিশ দিনও সময় নেবে না।”

তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে বিএনপি ও ছাত্রদলেরও ভূমিকা ছিল। তাদের মনে করিয়ে দিতে চাই—আপনারা জুলাইয়ের মিছিলে একত্রিত হয়ে লীগের বিরুদ্ধে লড়েছিলেন, সেটা ভুলে যাবেন না। ছাত্রসমাজ যদি একত্রিত হয়, তাহলে আপনাদের অবস্থাও কী হবে, সেটাও ভুলে যাবেন না। জুলাই-আগস্ট ভুলে গিয়ে ছাত্রসমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন না। গণমানুষের পথে থাকুন, ছাত্রসমাজের পাশে থাকুন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথে থাকুন, নতুন বাংলাদেশ গড়ার মিছিলে শামিল হন। অন্যথায়, আমরা আপনাদের চব্বিশের রাজাকার বলে চিহ্নিত করব। যদি চাঁদাবাজি, দখলদারিত্ব করে জুলাইয়ের চেতনাকে ব্যাহত করেন, তাহলে ইতিহাসে আপনাদের নাম ‘জুলাইয়ের রাজাকার’ হিসেবে লেখা থাকবে। যদি ফ্যাসিবাদবিরোধী মিছিলের বিরুদ্ধে যান, তাহলে আমরা জুলাইয়ে আপনাদের অবদানের কথা ভুলে গিয়ে লীগ গেছে যে পথে, আপনাদেরও সেই পথে পাঠিয়ে দেব।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ