আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে জাবিতে চলছে ‘মানহীন’ শিটের রমরমা ব্যবসা

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার্থীদের উদ্দেশ্য করে ক্যাম্পাসের মধ্যে বিভিন্ন কোচিংয়ের ফটোকপি করা মানহীন শিট ও বইয়ের রমরমা ব্যবসা চলছে।

‘শিট পড়লেই শতভাগ চান্স নিশ্চিত’ বিক্রেতাদের এমন চটকদার বিজ্ঞাপনের ফাঁদে পড়ে এসব শিট-বই কিনছেন অসংখ্য পরীক্ষার্থীরা।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পরীক্ষার্থীদের অয়হায়ত্বের সুযোগ নিয়ে এসব মানহীন শিট-বই বিক্রি করছে ক্লাইমেক্স বিশ্ববিদ্যালয় কোচিং সেন্টার ও এসপেক্ট সিরিজ, জয়কলি নামে তিনটি প্রতিষ্ঠান।

পরীক্ষার্থীদের অনেকেই জানিয়েছেন এসব মানহীন শিট একধরনের ধোঁকাবাজি। পরীক্ষায় কোনো ধরনের প্রশ্ন কমন পাওয়া যায় না৷ এসব বিক্রি করে তারা আমাদের থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।

সারেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক(ডেইরি গেট), সমাজবিজ্ঞান অনুষদের সামনে ও স্কুল এন্ড কলেজের সামনে ১০ থেকে ১২ টি রং-বেরঙের শিটের দোকান দিয়েছেন কোচিং সংশ্লিষ্টরা। ৮-১০ পৃষ্ঠার এসব শিট বিক্রির জন্য তারা পরীক্ষার্থীদের কাছ থেকে নিচ্ছেন ৭০ থেকে ৯০ টাকা পর্যন্ত।

টাঙ্গাইল জেলা থেকে আসা এক পরীক্ষার্থী জানান, ‘বিক্রেতাদের কথা ফাঁদে পড়ে সি ইউনিটের পরীক্ষার আগে ৮০ টাকা দিয়ে একটি শিট কিনেছিলাম। কিন্তু পরীক্ষায় কোনো প্রশ্ন কমন পাইনি। শিটের বেশিরভাগ তথ্যই মানহীন।’

কোচিং সেন্টারের এসব মানহীন শিট-বই বিক্রি বন্ধের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা জানান,’প্রতি বছর ভর্তি পরীক্ষার মৌসুমে পরীক্ষার্থীদের টার্গেট করে এসব অখাদ্য শিট বিক্রি করছে একশ্রেণির লোক।

ভর্তি পরীক্ষায় এসব শিট থেকে কোনো প্রশ্ন কমন আসবে না জেনেও তারা চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে চড়া মূল্যে এসব শিট বিক্রি করছে৷ ভর্তি পরীক্ষাকে ঘিরে এসব ব্যবসা দ্রুত বন্ধ করা উচিত, নয়তো বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ.স.ম ফিরোজ উল হাসান জানান,”শুরু থেকেই আমরা এসব ব্যবসার ক্ষেত্রে নিরুৎসাহিত করেছি৷ গতকালও আমরা দোকানপাট তুলে দিয়েছি। আজকে পুনরায় তারা আবারো শিট ব্যবসা শুরু করেছে। নাম-পরিচয় জানতে পারলে আমরা দ্রুত তাদের উচ্ছেদ করবো৷’

এদিকে শিট-ব্যবসার ছবি তুলতে গেলে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিককে হেনেস্তা করেছে কোচিং সংশ্লিষ্ট এক শিক্ষার্থী। মুহতাছ বিল্লাহ নামে ঐ ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সাবেক (৪৪ ব্যাচ) শিক্ষার্থী৷ পড়াশোনার মেয়াদ শেষ হলেও এখনো আ ফ ম কামাল উদ্দিন হলের ৩৫১নং রুমে অবস্থান করছেন তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ