জাবি প্রতিনিধি :
নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আরিফ সোহেলসহ অন্যান্য নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একদল শিক্ষার্থী।
সোমবার রাত পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে শিক্ষার্থীরা এই মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান শাহরিয়ারের সঞ্চালনায় সমাবেশে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য দেন। এসময় বক্তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মিছিলে শিক্ষার্থীদের স্লোগান ছিল: “আরিফ সোহেলের ওপর হামলা কেন? প্রশাসন জবাব চাই”, “গাড়িবহরে হামলা হয়, প্রশাসন কী করে?”, “সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও”, “গোলামী না আজাদী? আজাদী আজাদী”, “দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা”।
সমাবেশে জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলনের আহ্বায়ক ইয়াহিয়া জিসান বলেন, “চব্বিশের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী আহতরা যখন হাসপাতালে শুয়ে দিন পার করছে, তখন সরকারের ব্যর্থতায় দেশজুড়ে মাথাচাড়া দিচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তাদের দোসররা। এত বড় আন্দোলনের পরেও স্বৈরাচারী শেখ হাসিনার বক্তব্য প্রচারিত হওয়া ন্যাক্কারজনক। আমরা দাবি জানাই, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা যারা গণহত্যার সঙ্গে জড়িত, তাদের আইনের মুখোমুখি করতে হবে। আজ তাদের বিচার না হওয়ার কারণেই বারবার ফ্যাসিস্টরা মাথাচাড়া দিচ্ছে। আগামী ৭ দিনের মধ্যে তদন্ত শেষ করে তাদের বিচারের আওতায় আনতে হবে।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার সদস্য সচিব তৌহিদ সিয়াম বলেন, “আরিফ সোহেলের ওপর হামলা থেকে আয়ানের হুমকি—সব একই ষড়যন্ত্রের অংশ। এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।”
তিনি আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই, আওয়ামী লীগের দোসরদের সাড়াশি অভিযানের মাধ্যমে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি ৭ দিনের মধ্যে ১৪, ১৫ ও ১৭ জুলাইয়ের হামলাকারীদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে আমরা উপাচার্যের অবস্থাও নুরুল আলমের মতো করতে দ্বিধা করব না।”
তিনি আরও দাবি করেন,
“অতি দ্রুত সারাদেশের সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্র প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। যতদিন পর্যন্ত গণঅভ্যুত্থানের দাবি পূরণ না হবে, ততদিন পর্যন্ত শিক্ষার্থীরা রাজপথে থাকবে।”