আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

নিটার ৮ম ব্যাচের শিক্ষার্থীদের সার্টিফিকেট জটিলতার অবসান”

আরাফাত কাদির, নিটার প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার)-এর ৮ম ব্যাচের ফ্যাশন ডিজাইন বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা দীর্ঘ প্রতীক্ষার পর তাদের সার্টিফিকেট জটিলতার সমাধান পেতে যাচ্ছেন।

২০১৭-১৮ সেশনে “ফ্যাশন এন্ড অ্যাপারেল ডিজাইন” নামে পৃথক একটি বিভাগ চালু করা হয় নিটারে। তবে পরবর্তী সেশনে (২০১৮-১৯) এই বিভাগের নাম পরিবর্তন করে ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং রাখা হয়। পরিবর্তনের ফলে ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থীদেরও নতুন নামেই অন্তর্ভুক্ত করা হয় এবং তাদের সিলেবাসেও পরিবর্তন আনা হয়।

২০২২ সালে ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন সম্পন্ন হওয়ার পর তাদের সার্টিফিকেটে শুধুমাত্র “ফ্যাশন এন্ড অ্যাপারেল ডিজাইন” উল্লেখ করা হয়। ফলে চাকরির ক্ষেত্রে ও উচ্চশিক্ষার জন্য আবেদন করতে গিয়ে এই শিক্ষার্থীরা নানান সমস্যায় পড়েন।

নিটারের অষ্টম ব্যাচের ফ্যাশন ডিজাইন এন্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নূর -ঈ-বিন রেজা এ বিষয়ে বলেন, “আমাদের প্রথম বর্ষেই হঠাৎ করে বলা হয় ডিপার্টমেন্টের নাম এবং সিলেবাসে পরিবর্তন আসবে। পরবর্তীতে আমাদের গ্র্যাজুয়েশনের পরে চাকরিক্ষেত্রে আমার তেমন সমস্যা না হলেও আমার বিভিন্ন সহপাঠীদের বেশ সমস্যায় পড়তে হয়। সার্টিফিকেট ইস্যু না হওয়ার কারণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও অধাপক পদ, বিভিন্ন নামকরা ব্র্যান্ডের উল্লেখযোগ্য পদ, বিসিএস এর ভাইভাবোর্ড, বহির্বিশ্বে এমবিএ ইত্যাদি বিষয়ে অনেকেরই সুযোগ হাতছাড়া হয়েছে, অনেককে চাকরিচ্যুতও করা হয়েছে। তন্মধ্যে আমারই এক সহপাঠী মাহমুদুল হাসান হৃদয়কে সার্টিফিকেট দেখাতে না পারার কারণে আড়ং থেকে চাকরিচ্যুত করা হয় এবং এই একই কারণে ফিনল্যান্ডের এক বিশ্ববিদ্যালয়ে এমবিএ বিভাগে স্কলারশিপ পাওয়া সত্ত্বেও তার ভর্তি বাতিল হয়।”

দীর্ঘ আলোচনা ও দাবি-দাওয়া উত্থাপনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সিন্ডিকেট মিটিংয়ে এই সমস্যার সমাধান করা হয়েছে। ঢাবি কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের নতুন সার্টিফিকেটে বিভাগটির নাম “ফ্যাশন ডিজাইন এন্ড অ্যাপেরাল ইঞ্জিনিয়ারিং” হিসেবে উল্লেখ থাকবে। আগামী এক থেকে দুইমাস সময়ের মধ্যেই সংশোধিত সার্টিফিকেট সরবরাহ করা হবে।

নিটার ৮ম ব্যাচের শিক্ষার্থীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতে চাকরি ও উচ্চশিক্ষার ক্ষেত্রে এ সিদ্ধান্ত তাদের জন্য সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

এ বিষয়ে নিটারের পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঢাবি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়াও জানিয়েছেন শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত উন্নয়নে ভবিষ্যতেও তারা সচেষ্ট থাকবেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ