জাবি প্রতিনিধি:
সারাদেশে চলমান ধর্ষণ, নিপীড়ন এবং সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
আজ মঙ্গলবার (১১ মার্চ) রাত ১০টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন ৫৩তম ব্যাচের শিক্ষার্থীরা। এরপর তারা সেখান থেকে একটি মশাল মিছিল বের করেন।
মিছিলে শিক্ষার্থীদের “Justice! Justice! We want justice!”, “তুমি কে, আমি কে? আছিয়া! আছিয়া!”, “খুন-ধর্ষণ-নিপীড়ন, রুখে দাঁড়াও জনগণ!”, “জান-মালের নিরাপত্তা দে, নইলে গদি ছেড়ে দে!”, “বাহ, পুলিশ চমৎকার! ধর্ষকদের পাহারাদার!”—সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
শিক্ষার্থীদের মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে বটতলা এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে একটি সমাবেশ করেন তারা। সমাবেশে ইতিহাস বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী লামিসা জামানের সঞ্চালনায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য দেন।
এ সময় জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী ইফফাত রাইসা নূহা বলেন, “বিগত ১৬ বছর আমরা যে নিরাপত্তাহীনতায় ভুগেছি, ২০২৪-এর স্বাধীনতার পর সেটি কখনো কাম্য নয়। আমরা জানি, কয়েক দিন আগে আমাদের ৮ বছরের বোন আছিয়া তার নিজ বোনের শ্বশুরের দ্বারা ধর্ষণের শিকার হয়েছে। সে মৃত্যুর সাথে লড়াই করছে। এই ধরনের ঘটনা আমরা অহরহ দেখতে পাই। বিগত সময়ে আমরা দেখেছি, নিপীড়ক ও ধর্ষকদের কোনো বিচার হতো না। আইনের ফাঁকফোকর দিয়ে তারা সাজা থেকে বেঁচে যেতো। ২০২৪-এর বাংলাদেশে কোনো ধর্ষকের একদিনের জন্যও সাজামুক্ত থাকার সুযোগ থাকা উচিত নয়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার অনুরোধ, আমাদের নিরাপত্তা দিন, নিরাপদে বেঁচে থাকার সুযোগ দিন। না হলে এই রাজপথই হবে আমাদের ঠিকানা।”
প্রত্নতত্ত্ব বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী দুর্বার আদি বলেন, “আমরা যারা জুলাই অভ্যুত্থানের সময় প্রাণের মায়া ত্যাগ করে মাতৃভূমির ডাকে এগিয়ে গিয়েছিলাম, আমাদের স্বপ্ন ছিল এমন এক বাংলাদেশ, যেখানে সকল মানুষ নিরাপদে বাস করবে। কিন্তু বিগত দিনগুলোতে আমরা যে ভয়াবহ আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখেছি এবং সারাদেশে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নিপীড়নের যে চিত্র দেখেছি, তা আমাদের কখনোই কাম্য ছিল না। আমরা সরকারের কাছে বারবার নিরাপত্তার দাবি তুলেছি। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন, আমাদের বোনদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। অথচ আজ ঢাকায় ধর্ষণবিরোধী আন্দোলনে আমাদের বোনদের ওপর পুলিশি হামলা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই, ঘৃণা জানাই সেই পুলিশকে, যারা জননিরাপত্তা দিতে ব্যর্থ হয় কিন্তু অধিকারের মিছিলে হামলা চালায়।”
অর্থনীতি বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী ইবনাত সামিহা বলেন, “আজ যে বোন ধর্ষিত হয়ে হাসপাতালের বেডে কাঁতরাচ্ছে, সে আসলে আমি। আজ যে বোন ধর্ষণের শিকার হয়ে মৃত্যুর সাথে লড়াই করছে, সে আমিই। আমি শুধু বলতে চাই, আমাকে একজন নারী হিসেবে নয়, মানুষ হিসেবে বাঁচতে দিন।”
এর আগে সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করেন তারা।