আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

নতুন কলা ভবনের অব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ছয় দফা দাবি, প্রশাসনের আশ্বাস

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের অবকাঠামোগত সংকট ও মৌলিক সুবিধার অভাবে ছাত্রছাত্রীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের ছয় দফা দাবির প্রেক্ষিতে বৃহস্পতিবার (২২ মে) এক মতবিনিময় সভায় মুখোমুখি হন কলা অনুষদের ডীন অধ্যাপক মোজাম্মেল হক ও উপাচার্য অধ্যাপক ড. কামরুল হাসান।

এর আগে গত বুধবার (২১ মে) তিন দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা ভবনের নানাবিধ সমস্যা তুলে ধরে একটি স্মারকলিপি ডীনের কাছে জমা দেন। এতে অংশ নেন চারটি বিভাগের ছাত্র সংসদ প্রতিনিধি ও অন্যান্য বিভাগের প্রতিনিধিরা।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা ছয়টি দাবির বিষয়ে জোর দেন, যার সারসংক্ষেপ নিচে তুলে ধরা হলো:

শিক্ষার্থীদের ছয় দফা দাবি:

১.নারীদের পৃথক ওয়াশরুম:
প্রতিটি তলায় পর্যাপ্ত কেবিনসহ পরিষ্কার-পরিচ্ছন্ন ওয়াশরুম এবং পানি সরবরাহ নিশ্চিতকরণ।

২. স্যানিটারি প্যাড স্টেশন:
প্রধান প্রবেশপথে স্বল্পমূল্যে বা বিনামূল্যে স্যানিটারি প্যাড সংগ্রহ ও বিনিময়ের সুযোগ।

৩. বর্জ্য ব্যবস্থাপনা:
রঙভিত্তিক বর্জ্য বাক্স ও স্বাস্থ্যসম্মত নিষ্কাশন ব্যবস্থার স্থায়ী সমাধান।

৪. নিরাপদ গ্যারেজ/সাইকেল স্ট্যান্ড:
বাইসাইকেল ও মোটরসাইকেলের জন্য নিরাপদ গ্যারেজ, সিসিটিভি ও নিরাপত্তাকর্মী নিয়োগ।

৫. প্রার্থনার স্থান নির্ধারণ:
নারী ও পুরুষ শিক্ষার্থীদের জন্য পৃথক নামাজ ও অজুর স্থান এবং অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য ধর্মচর্চার সহায়ক ব্যবস্থা।

৬. ভবন ও লেকপাড় সংস্কার:
লিফট স্থাপন, লেকপাড় ও রাস্তার সংস্কার, বসার স্থান এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন।

এই দাবিগুলোর বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় উপাচার্য অধ্যাপক ড. কামরুল হাসান বলেন, “শিক্ষার্থীদের প্রস্তাবনাগুলো যৌক্তিক ও সময়োপযোগী। প্রশাসন এসব বাস্তবায়নে আগ্রহী এবং ডীন স্যারের নেতৃত্বে আমরা সমন্বিতভাবে কাজ করবো।”

কলা অনুষদের ডীন অধ্যাপক মোজাম্মেল হক জানান, “প্রতিটি ফ্লোরে মেয়েদের ওয়াশরুমের সংকট দৃশ্যমান। যৌক্তিক এসব দাবির বাস্তবায়নে সুপরিকল্পিত উদ্যোগ নিতে হবে। প্রশাসনিক সহায়তা পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব।”

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জুথী বলেন,

“স্যানিটারি ন্যাপকিন স্টেশন ও পর্যাপ্ত ওয়াশরুম না থাকায় ছাত্রীদের নানাবিধ সমস্যায় পড়তে হয়। স্বাস্থ্যবান্ধব ও নারী-সহায়ক পরিবেশ নিশ্চিত করতে এসব অবকাঠামোগত সুবিধা অপরিহার্য।”

ইতিহাস বিভাগের ছাত্র সংসদ প্রতিনিধি তাসিন ক্ষোভ প্রকাশ করে বলেন,

“১৪৮৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলেও কলা ভবনের বর্জ্য লেকের ধারে স্তূপাকারে জমছে, যা পরিবেশের জন্য হুমকি। ভবনের মূল ফটক গ্যারেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে, এতে চলাচলে বিঘ্ন ঘটে। আমরা চাই সমস্যার টেকসই সমাধান।”

শিক্ষার্থীদের যুক্তিসঙ্গত দাবির প্রতি সম্মান জানিয়ে প্রশাসন আশ্বস্ত করেছে, তারা দ্রুত পদক্ষেপ নিতে আগ্রহী। শিক্ষার্থীদের এই সচেতনতা ও সক্রিয়তার প্রশংসা করেছেন সংশ্লিষ্টরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ