জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা কমিটিতে রাজনৈতিক প্রভাবে অন্তর্ভুক্তির অভিযোগ উঠেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যেই কাজ করে শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা কমিটি। এই কমিটিতে প্রক্টরিয়াল বডি, নিরাপত্তা শাখার কর্মকর্তা ও আইন অফিসারকে রাখার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী অন্যদেরও অন্তর্ভুক্ত করা হয়।
তবে এবারের ভর্তি পরীক্ষার শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা কমিটিতে রাজনৈতিক প্রভাবের অভিযোগ উঠেছে। কমিটিতে বেশ কয়েকজন বিএনপিপন্থী কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করার পাশাপাশি ভারসাম্য রক্ষার জন্য কয়েকজন আওয়ামীপন্থী কর্মকর্তাকেও রাখা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসনিক ভবনের এক কর্মকর্তা বলেন, “নিরাপত্তা ও শৃঙ্খলা কমিটিতে প্রক্টরিয়াল বডির পাশাপাশি নিরাপত্তা শাখার কর্মকর্তারা থাকতে পারেন। কিন্তু এর বাইরে যারা অন্তর্ভুক্ত হয়েছেন, তাদের কী বিবেচনায় রাখা হয়েছে সে বিষয়ে কোনো স্পষ্ট ধারণা নেই।”
গত বছরের ভর্তি পরীক্ষার শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা কমিটির বিশ্লেষণ করে দেখা যায়, সেখানে মোট সদস্য ছিলেন ৩৭ জন। তবে এবারের কমিটিতে ৪৭ জনকে রাখা হয়েছে, যদিও প্রক্টরিয়াল বডির সদস্য সংখ্যা কমানো হয়েছে।
এবারের কমিটিতে ১৪ জন শিক্ষক, ২৯ জন কর্মকর্তা এবং ৪ জন কর্মচারী রয়েছেন। এই কমিটিতে থাকা শিক্ষকদের একজন ভর্তি পরীক্ষায় পরিদর্শকের দায়িত্ব পালন করলে যে পরিমাণ সম্মানী পান, তা তাদেরও দেওয়া হয়।
কর্মকর্তারা পান তার অর্ধেক, আর কর্মচারীরা পান তার এক-তৃতীয়াংশ। ধারণা করা হচ্ছে, এই অর্থ প্রাপ্তির কারণেই রাজনৈতিক বিবেচনায় নিজের ঘনিষ্ঠদের কমিটিতে অন্তর্ভুক্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ও উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, “এই প্রশাসনের অঙ্গীকার হলো দলীয় আনুগত্য থেকে বেরিয়ে এসে কাজ করা।
যদি এ ধরনের কাজে কেউ জড়িত থাকে, আমরা সবসময় তাদের বিরুদ্ধে সোচ্চার ছিলাম এবং যথাযথ ব্যবস্থা নেব। এখানে কোনো দলীয় বিবেচনা নেই; সবকিছু হবে জ্ঞান ও যোগ্যতার ভিত্তিতে।”