আব্দুল্লাহ আল মামুন, জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বটতলাস্থ আটটি খাবারের হোটেলে মহিষের মাংসকে গরুর মাংস বলে বিক্রি করায় একজনকে আটক করা হয়েছে। আটককৃত যুবকের নাম সাগর আলী।
মঙ্গলবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে আটককৃত ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে বটতলা এলাকার চার হোটেলকে জরিমানা করা হয়েছে।
জরিমানাকৃত হোটেলগুলো হলো রাবেয়া বিরিয়ানি হাউজ, চাঁদপুর হোটেল, হাজী বিরিয়ানি হাউজ ও নূরজাহান হোটেল। এসমস্ত হোটেল মালিকদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
তবে আটককৃত ব্যক্তির তথ্যমতে এর বাইরে আরও চার হোটেল এই ভেজাল মাংস সংগ্রহ করে। হোটেলগুলো হলো উঁচুবটতলার তাজমহল, ধানসিঁড়ি, সুজন,সিয়াম।
বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামালউদ্দিন হলের হোটেল গুলোর দায়িত্বে থাকা শিক্ষক অধ্যাপক ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া জানান, ‘পূ্র্বের অভিযোগের ভিত্তিতে আমরা গতকাল রাতে সাগর আলী নামে এক মাংস সরবরাহকারীকে বটতলা এলাকায় আটক করি। তার কাছে থাকা রশিদে ৫৮০ টাকা কেজি দরে বিভিন্ন জায়গায় গরুর মাংস সরবরাহ করার তথ্য পাওয়া যায়।
বর্তমান বাজার দরের সাথে মিল না থাকায় তা সন্দেহ সৃষ্টি করে। এমনকি ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় তিনি এই মাংস সরবরাহ করেন বলে প্রমাণ পাই তার কাছে।’ উঁচুবটের তাজমহল, ধানসিঁড়ি, সুজন,সিয়াম এবং নিচু বটের রাবেয়া বিরিয়ানি হাউজ, চাঁদপুর হোটেল,
হাজী ভর্তা বাড়ি এবং নূরজাহান হোটেল মাংস সরবরাহের তথ্যও পাওয়া যায় ওই সরবরাহকারীর কাছে। নিচু বটের হোটেল ৪টিকে তাৎক্ষণিক ৫০০০ টাকা করে জরিমানা করা হয়। এবং আজ তারা জরিমানা ও এরকম কাজ আর করবেন না বলে লিখিত দেন।
তিনি আরও বলেন, মাংসের দাম কম রাখার কারণ হিসেবে ওই সরবরাহকারী প্রথম সেগুলোকে ভারতীয় গরুর মাংস বলে দাবি করেন।
তবে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে সেগুলো মহিশের মাংস এবং সাভারের পল্লীবিদ্যুত এলাকার কেন্দ্রীয় মসজিদের সামনের এক বাসায় তাদের গোডাউন আছে বলে জানান তিনি।
ইখতিয়ার উদ্দিন আরও বলেন, এই বিষয়টি আমরা পুলিশকে জানিয়েছি।তারা সেখানে অভিযান চালাবেন বলে জানিয়েছেন। ভবিষ্যতে ওই সরবাহকারী আর এরকম কাজ করবে না বলে মুচলেকা দিলে আমরা তাকে ছেড়ে দিই।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বটতলার এক হোটেল ব্যবসায়ী জানান, ওই সরবরাহকারীর ৪০০টাকা কেজি দরে গরুর মাংস সংগ্রহ করে থাকেন।