আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

জাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন আয়োজন

জাবি প্রতিনিধি:

জাবিতে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ কর্তৃক ‘নবীন চোখে গণঅভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে এ আয়োজন শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সোশ্যাল এক্টিভিস্ট সাইয়েদ আবদুল্লাহ , উপস্থাপক ও আইনজীবি মানজুর আল মতিন এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য ফয়সাল মাহমুদ শান্ত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানা লাকি, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো: লুৎফুল এলাহী ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দীন রুনু।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার আলোচনায় বলেন, “আমাদের অভ্যুত্থান আংশিক সফল হয়েছে। আমরা যে এক দফা দিয়েছিলাম, শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ; এখনো সেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করা সম্পূর্ণরূপে সম্ভব হয়নি।

এখনো জাতীয় এবং আন্তর্জাতিক পরিসরে আওয়ামীলীগের রাজনৈতিক পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রে অংশগ্রহণের কথা বলে আওয়ামীলীগকে আবার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে ফিরিয়ে আনার নানা ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে।

আওয়ামীলীগকে নিষিদ্ধের কথা যখন সরকারের পক্ষ থেকে আমরা বলি, রাজনৈতিক দলগুলোর অনেকেই তখন তাদের বক্তব্যের মাধ্যমে সেটার বাঁধা দেওয়ার চেষ্টা করেছে। পৃথিবীর বিভিন্ন দেশের দূতাবাসগুলো ডেমোক্রেসির কথা বলে আওয়ামীলীগকে নিষিদ্ধকরণে বাঁধা দিচ্ছে।

আমাকে জার্মান একজন সাংবাদিক ইন্টারভিউ নেওয়ার সময় জিজ্ঞেস করেছিলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে কথা শুনা যাচ্ছে সেটি গণতন্ত্রের জন্য হুমকি কিনা। তখন আমি বলেছিলাম আপনারা নিজেরাই ১৯৪৫ সালে ফ্যাসিবাদী নাৎসি পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। নাৎসি পার্টি এখনো নিষিদ্ধ অবস্থায় আছে।

এ থেকেই বোঝা উচিত বাংলাদেশে আওয়ামী লীগের পরিণতি কি হওয়া উচিত। যে স্টাবলিশমেন্ট গত ৫৩ বছরে ফ্যাসিবাদী আওয়ামী সরকার গড়ে তুলেছে সেটা শুধু রাজনৈতিক না। সেটা একই সাথে সামাজিক এবং সাংস্কৃতিক। সুতরাং প্রতিটি ক্ষেত্রে এই ফ্যাসিবাদীদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।

প্রতিটা ক্ষেত্রে তাদের কাউন্টার বয়ান তৈরির মাধ্যমে ফ্যাসিবাদ যেন আর কখনো ফিরে না আসে সেটি নিশ্চিত করার জন্য আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। আমাদের এই জেনারেশনের সংগ্রাম এখনো শেষ হয় নাই। আমাদেরকে আরো দীর্ঘদিন এই সংগ্রাম চালিয়ে যেতে হবে।

আমাদেরকে সামাজিক, সাংস্কৃতিক প্রতিটি ক্ষেত্রে নিজেদের ক্রিয়েটিভিটি, উদ্যম এবং সাহসিকতার সাথে এ সংগ্রাম চালিয়ে যেতে হবে। আমরা ফ্যাসিবাদী সরকারের পতনের আগে বিভিন্ন সময়ে ক্যাম্পাস গুলোতে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর জন্য ছাত্র সংসদের দাবি করে আসছিলাম।

এখন আপনারা যেহেতু আমাদেরকে দায়িত্ব দিয়েছেন এবং এখানেও এ দাবিটা এসেছে, আমরা মনে করি গণতান্ত্রিক চর্চার শুরুটাও সে ক্যাম্পাসগুলো থেকে হওয়া উচিত যে ক্যাম্পাসগুলো থেকে ফ্যাসিবাদ পতনের আন্দোলনের শুরু হয়েছিল।

জানুয়ারি, ফেব্রুয়ারির মধ্যেই সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার ব্যাপারে আমি কেবিনেটে আলোচনা উত্থাপন করব।”

উপস্থাপক ও আইনজীবী মানজুর আল মতিন বলেন, “যখন মানুষ তার ন্যায্য দাবি, তার ভাত কাপড়ের অধিকার চায় তখন মানুষকে আলাদা করার চেষ্টা করা হয়। সে প্রশ্নে আলাদা হওয়ার সুযোগ নেই।

আমরা যদি সবাই যার যার মতো মনে করি বাড়ি গিয়ে ঘুমিয়ে থাকব, উপদেষ্টারা আমাদের জন্য সবকিছু করে দেবেন; তাহলে কিছুই হবে না। আমাদের অধিকারের প্রয়োজনে আমাদের সবাইকে জাগ্রত থাকতে হবে। আমাদের অধিকার অন্য কেউ আদায় করে দেবে না।

সেজন্য কিছু কিছু অত্যন্ত ন্যূনতম প্রশ্নে আমাদের এক থাকতে হবে। আমরা একটা সুষ্ঠু ভোট চাই, এ ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। আমরা এমন একটা ব্যবস্থা চাই যেখানে জবাবদিহিতা থাকবে, রাষ্ট্র যারা চালাবেন তারা আমাদের প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকবেন।

এ বিষয়ে একমত হওয়া কি খুব কঠিন? আমরা এমন একটা ব্যবস্থা চাই যেখানে আমরা বিচার পাব। আমাদের ধর্ম আলাদা হতে পারে, জাতিগত পরিচয় আলাদা হতে পারে, আমাদের দৃষ্টিভঙ্গি আলাদা হতে পারে কিন্তু এই মৌলিক প্রশ্নগুলোতে আমরা সবাই এক।

এই প্রশ্নগুলোতে বিভেদ সৃষ্টি করে আমাদের মূল যে দাবি, আমরা ন্যায় বিচার চাই, গরীবের অধিকার চাই; সেসব থেকে কেউ যেন আমাদের সরিয়ে দিতে না পারে। সে ষড়যন্ত্র দেশে চলছে, দেশের বাহিরেও চলছে, চলবেই। কিন্তু আমরা যদি নিজেদের জায়গা থেকে এক থাকি, শক্ত থাকি তাহলে সেটা করা সম্ভব নয়। আমার দৃঢ় বিশ্বাস জাহাঙ্গীরনগর আমাদেরকে সে পথ দেখাতে পারবে।”

এছাড়াও অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীদের বাংলাদেশ প্রস্তাবনা, ডকুমেন্টারি প্রদর্শন ও বিপ্লবী সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ