নিজস্ব প্রতিবেদক :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আজ।
বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ‘ডি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে এ ভর্তিযুদ্ধ। প্রতিদিন মোট পাঁচটি শিফ্টে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলবে আগামী ২১শে নভেম্বর পর্যন্ত।
গত ৭ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত এই পরিক্ষা অনুষ্ঠানের কথা থাকলেও জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে দেশব্যাপী চলমান অঘোষিত পরিবহন ধর্মঘটের কারণে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ৭ ও ৮ নভেম্বরের পরিক্ষা পিছিয়ে আগামী ২০ ও ২১ নভেম্বর নির্ধারণ করা হয়।
এ বছর ভর্তি পরীক্ষায় মোট ৯টি ইউনিটে বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৮৮৯টি আসনের বিপরীতে অংশ গ্রহণ করবে ৩ লাখ ৮ হাজার ৬০৬ জন ভর্তি ইচ্ছুক। সে অনুযায়ী প্রতিটি আসনের বিপরীতে লড়বে ১৬৩ জন ভর্তি ইচ্ছুক।
এদিকে প্রথম বর্ষের ভর্তি-ইচ্ছুকেরা ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকতে পারবেন না নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম জানান,করোনা পরিস্থিতি বিবেচনা করেই ভর্তি পরীক্ষা চলাকালে ভর্তি-ইচ্ছুক, তাঁদের আত্মীয়স্বজন অথবা বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ের হলে অবস্থান না করার বিষয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
করোনা মহামারীর কারণে দীর্ঘ ৫৭০ দিন পর বন্ধ থাকার পর গত ১১ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়। ২১ অক্টোবর থেকে শুরু হয় সশরীর ক্লাস ও পরীক্ষা।