নড়াইল প্রতিনিধি:
প্রকৃতির অপরূপ শোভাবর্ধনকারী গাছ মানুষেরও পরম বন্ধু। প্রাণিকুলের বেঁচে থাকার জন্য প্রধান উপাদান অক্সিজেন সরবরাহ হয় গাছ থেকে। গাছের যে প্রাণ আছে, অনুভূতিশক্তি আছে, তা প্রমাণিত। গাছ সব কিছু বিলিয়ে দিয়ে আমাদের জীবন বাঁচিয়ে রাখছে।
অথচ কিছু অসচেতন মানুষ গাছের সঙ্গে নির্মম আচরণ করছে। উপকারের প্রতিদান হিসেবে জীবন্ত গাছে পেরেক ঠুকে রাখছে। ঝুলিয়ে রেখেছে নানা রকম ব্যানার-ফেস্টুন। যারা এই কাজটি করছে তারা হয়তো জানে না, এতে গাছটি মারাও যেতে পারে।
গাছে পেরেক লাগানোয় খাদ্য ও পানি শোষণ প্রক্রিয়া ব্যাহত হয়ে পরিবেশের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি সৌন্দর্যও নষ্ট হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, পেরেক লাগানোর কারণে গাছের গায়ে যে ছিদ্র হয় তা দিয়ে পানি এবং এর সঙ্গে বিভিন্ন ব্যাকটেরিয়া, ছত্রাক ও অণুজীব ঢোকে। এতে গাছের ওই জায়গায় পচন ধরে। ফলে গাছের খাদ্য ও পানি শোষণ প্রক্রিয়া ব্যাহত হয়।একসময় গাছটি মরে যায়।
নড়াইলের মাইজপাড়া ইউনিয়নের বোড়ামারা গ্রামের বিভিন্ন এলাকায় এমন কষ্টদায়ক চিত্র ব্যথিত করে বৃক্ষবন্ধু খ্যাত আবু সাহাদাৎ বাঁধন কে । সে সিদ্ধান্ত নেন, গাছে পেরেক ঠুকিয়ে লাগানো ব্যানার ফেস্টুন অপসারণের। আজ ৯ জানুয়ারি মঙ্গলবার সকাল থেকেই নেমে পড়েন গাছের কষ্ট দূর করার কাজে।
নিজে ব্যানার ফেস্টুন নামানোর পাশাপাশি পেরেকগুলো তুলে ফেলেন। এ সময় সে গাছে পেরেক না লাগানোর জন্য সচেতনতামূলক প্রচারণা চালান। তাঁর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে সচেতনমহল।
উল্লেখ্য, বাঁধন রাজশাহী বিশ্ববিদ্যালয় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি বৃক্ষরোপণের জন্য প্রথম আলো বন্ধুসভা,রাবি শাখা থেকে পেয়েছিলেন বৃক্ষবন্ধু সংবর্ধনা।