আবু সাহাদাৎ বাঁধন, রাবি প্রতিনিধি:
২৯ জুলাই রোজ শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজশাহীর নওহাটার পবা’তে অবস্থিত কেয়ারওয়াচ প্রিপারেটরি স্কুলে স্বজনের(স্বজন,স্বেচ্ছায় রক্তদাতাদের একটি সংগঠন) ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এই সময়ে কেয়ারওয়াচ স্কুলের প্রায় ১০০ শিক্ষার্থীসহ স্কুলের টিচার এবং কিছু অবিভাবকদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেন স্বজন।
স্বজনের পক্ষ থেকে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন স্বজন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক সাথী আক্তার, সহ-সভাপতি রিদয় হোসাইন, যুগ্ম অর্থ সম্পাদক জুবেদ হোসেন, যুগ্ম দপ্তর সম্পাদক রাশিদা খাতুন, যুগ্ম প্রচার সম্পাদক সোহেল তানভীর, ছাত্র কল্যান সম্পাদক মোঃ খাদিজা আক্তার।
উল্লেখ্য,স্বজন প্রতিষ্ঠার নেপথ্যে রয়েছে রক্তের অভাবে এক স্নেহময়ী মা হারানোর করুণ বাস্তবতা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান রিতু ৩য় বর্ষের শিক্ষার্থী থাকাকালীন সময়ে ক্যাম্পাসে স্বজন প্রতিষ্ঠা করেন। তাঁর মা ছালেহা খাতুন দুরারোগ্য ব্লাডক্যান্সার রোগে আক্রান্ত হন। প্রাণ প্রিয় মাকে বাঁচানোর জন্য চিকিৎসার প্রয়োজনে সপ্তাহে কয়েক
ব্যাগ রক্তের প্রয়োজন হত। ছালেহা খাতুনের রক্তের গ্রুপ ছিল O (+ve)। তিনি ঢাকার শ্যামলী কলেজ গেটের বি.ডি.এম. হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেই সময়ে ঢাকার মত জনবহুল শহরে মানুষের দ্বারে দ্বারে ঘুরে প্রয়োজনীয় রক্তের সংকুলান করতে ব্যর্থ হন তিনি। কখনো রক্ত পেলেও খালি হাতে ফিরতে হয়েছিল অনেক সময়। অবশেষে পরম মমতাময়ী মা ছালেহা খাতুন রক্তের অভাবে ইহলোকের খেলা সাঙ্গ করে পরপারে পাড়ি দেন। সেদিন মাতৃ বিয়োগে শোকবিহব্বল হয়ে পড়েন মোস্তাফিজ। তিনি খুব গভীর ভাবে অনুভব করেন, যদি এমন কোন সংগঠন থাকত, যারা প্রয়োজনীয় মুহূর্তে মুমূর্ষু ব্যক্তিকে রক্তদান করবে। সেই চেতনা থেকে তিনি ২০০২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বজন প্রতিষ্ঠা করেন। তাই স্বজনের একটি শ্লোগান এমন ‘স্বজন সৃষ্টির প্রেরণা, মা হারানোর বেদনা।’ এ কাজে তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সম্মানিত অনেক শিক্ষক মহোদয়ের পরামর্শ ও সহযোগিতা পেয়েছিলেন। সাথে সাথে তিনি একঝাঁক মানবদরদী, পরিশ্রমী ছাত্র-ছাত্রীকে পাশে পেয়েছিলেন। যারা এ কাজকে আরো এগিয়ে নিয়ে যেতে “এসো মোরা হই স্বজন, থাকবে মোদের রক্তের বন্ধন।” স্লোগানকে সামনে রেখে অক্লান্ত পরিশ্রম করেছে এবং বর্তমানেও তা অব্যাহত রয়েছে।
স্বজন এখন শুধু রক্তদানের মধ্যে সীমাবদ্ধ নেই। এই গন্ডি পেরিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন, শীতবস্ত্র বিতরণ , বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, বিভিন্ন দিবস উদযাপন করে এবং নিয়মিত পাঠচক্র করে থাকে।