আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

আবাসিক সুবিধাবঞ্চিত নিটারের ৬৬ শতাংশ শিক্ষার্থী

নিটার প্রতিনিধি:
রাজধানী ঢাকার অদূরে সাভারের নয়ারহাটে নিজস্ব ১৩.০৬ একর জমির উপর গড়ে উঠেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)। ২০১০-১১ শিক্ষাবর্ষে একটি ডিপার্টমেন্টে মাত্র ৫০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে ২০২০-২১ শিক্ষাবর্ষে তা পাঁচটি (০৫) ডিপার্টমেন্টে ৬৮৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাচ্ছেন।
২০০৮ সাল থেকে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) তত্ত্বাবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই পাবলিক প্রাইভেট বিদ্যাপীঠটি বর্তমানে ব্যাচেলর পর্যায়ে ৫ টি ডিপার্টমেন্টে ১৭২৩ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে।
প্রতি বছরেই ভর্তি সিট বাড়ছে কিন্তু সেই অনুযায়ী আবাসন-সুবিধা না বাড়ায় আবাসন সংকটে অধিকাংশ শিক্ষার্থী। বর্তমানে ছাত্র-ছাত্রীর ৬৬ ভাগই ইনস্টিটিউটের আবাসন-সুবিধা পাচ্ছেন না। এই সংকটের সুযোগে ক্যাম্পাস-সংলগ্ন মেস-মালিকরা অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে তাদের অভিযোগ।
প্রশাসনিক ভবন এবং হোস্টেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ৫টি বিভাগে নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৭২৩ জন। কিন্তু ৪টি আবাসিক হলে (দুটি ছাত্র ও দুটি ছাত্রী হল) মাত্র ৬০০ জনের আবাসনব্যবস্থা রয়েছে।
ইনস্টিটিউটে দুটি ছাত্রী হোস্টেলে আসনসংখ্যা মাত্র ২৩০ টি। সেখানে ১ম বর্ষের ছাত্রীদের থাকতে হচ্ছে গনরুমে। কোনো কোনো রুমে ২৫/৩০ জন করে থাকছে। ছাত্রীদের হোস্টেলে সিট পাওয়া গেলেও ছাত্র হোস্টেলে সিট পাওয়া ‘সোনার হরিণ’ বলেই মনে করেন শিক্ষার্থীরা।
প্রতি রুমে ৮ জন এবং প্রতি বেডে ২জন করে শিক্ষার্থীদের থাকতে হচ্ছে। তীব্র আবাসন-সংকটে মানবেতর জীবন যাপন করছেন ছাত্রী হোস্টেলের ১ম বর্ষের গণরুমের শিক্ষার্থীরা। ১ম বর্ষের কয়েকজন (নাম প্রকাশে অনিচ্ছুক) ছাত্রী বলেন, ‘একসঙ্গে ২৫-৩০ জন থাকায় রুমে পড়ালেখার পরিবেশ পাওয়া যায় না। তা ছাড়া সময়মতো ঘুমানোও যায় না।
এতে দৈনন্দিন কাজগুলোতে নেতিবাচক প্রভাব পড়ছে।’ হোস্টেল গুলোতে নেই কোনো ধরনের গেস্ট রুম। ফলে দেখা যায় কোনো শিক্ষার্থীর অভিভাবক আসলে তার সাথে গেইটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন।
ঢাকা থেকে যাতায়াত করা ছাত্রী বলেন, হোস্টেলে সিট সংকট থাকায় বাসা থেকে যাতায়াত করি। ঢাকা থেকে ক্যাম্পাসে এসে হলে রেস্ট করার মতো একটা রুম নেই। যেখানে শিক্ষার্থীরা রেস্ট করবে।
অপরদিকে, লক্ষ্য করা যায় ছাত্র হোস্টেলে নেই কোনো কমন রুম। সম্প্রতি ছাত্র হোস্টেলের মূল ভবনের সাথেই এটাচ করা পূর্বের কমন রুম টা ঝুঁকিপূর্ন বলে পরিত্যাক্ত ঘোষনা করেছেন।
একই বিল্ডিং ৩০০ জন শিক্ষার্থী এখন পর্যন্ত অবস্থান করছে। শিক্ষার্থীরা আশংকাজনক অবস্থায় রয়েছে। ১ম বর্ষের ছাত্রদের হোস্টেলে কোনো সিট বরাদ্দ নেই। ফলে তাদের বাধ্য হয়ে ক্যাম্পাসের আশেপাশে মেসে থাকতে হচ্ছে।
ইতিপূর্বে ২০১৯ সালে তৎকালীন অধ্যাক্ষ ড. মিজানুর রহমান, ছাত্রদের ঐক্য নষ্ট করার লক্ষ্যে পরিকল্পিত ভাবে ১ম বর্ষের শিক্ষার্থীদের বর্ধিত ভবন-২ হোস্টেলটি ঝুঁকিপূর্ন বলে ভেংগে ফেলেন। শিক্ষার্থীদের আন্দোলনের চাপে তিনি বলেছিলেন, ৬ মাসের মধ্যে হল নির্মান করা হবে। তা এখন প্রায় ৩ বছর হয়ে যাচ্ছে।
১ম বর্ষের কয়েকজন ছাত্র জানান, আমরা ক্যাম্পাসের বাহিরে নিরাপদ নই। প্রায়শই আমরা চুরির ও ছিনতাইয়ের স্বীকার হয়। গতসপ্তাহেও তাদের রুম থেকে ল্যাপটপ, ফোন ও টাকা চুরি হয়। ক্যাম্পাসের ভিতরে হোস্টেলে থাকলে আমাদের এমন সমস্যার সম্মুখীন হতে হতো না।
৩য় বর্ষের এক শিক্ষার্থী জানান, আবাসিক হোস্টেল গুলোর পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিয়ে প্রশ্ন রয়েছে। হোস্টেল গুলোতে সংস্কার কাজ নেই। হোস্টেলের ক্যান্টিনে পুষ্টিকর খাবারও পরিবেশন করা হয় না। হলগুলোতে নামে মাত্র ইন্টারনেট ও ওয়াইফাই সংযোগ দেয়া হয়েছে বলে অভিযোগ আবাসিক শিক্ষার্থীদের।
হোস্টেল সম্পর্কে ইনভেস্টিগেশন করতে গিয়ে আমাদের ইনভেস্টিগেশন টীম জানতে পারে ৫ বছরে এপর্যন্ত ১ কোটি ৪৮ লাখ টাকার মতো শুধুমাত্র হোস্টেল বাবদ লাভাংশ আছে। এখন শিক্ষার্থীদের একটাই দাবি এই টাকার সঠিক ব্যবহার করে দ্রুত সময়ের মধ্যে আবাসন ব্যবস্থা নিশ্চিত করা।
এ ব্যাপারে ইনস্টিটিউটের দায়িত্বপ্রাপ্তদের সাথে কথা বলতে গেলে তারা জানান, বর্তমানে আমাদের প্রিন্সিপাল অনুপস্থিত। তিনি আসলে আমরা এ ব্যাপার নিয়ে কথা বলবো। অপরদিকে বিটিএমএ প্রেসিডেন্ট মোঃ আলী খোকন সাহেবের সাথে বার বার টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করেও উনাকে পাওয়া যায়নি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ