আবু জাহান তালুকদার, তাহিরপুরঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৪৪ কেজি গাঁজার চালানসহ ইসলাম উদ্দিন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইসলাম উদ্দিন কামড়াবন্দ গ্রামের প্রয়াত ইস্কান্দর ফকিরের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ভারতীয় শেখ নাছির উদ্দিন বিড়ি কারবারি সিন্ডিকেটের সঙ্গে জড়িত।
পুলিশ জানায়, ইসলাম উদ্দিন দীর্ঘদিন ধরে গোপনে নিজ বসতঘরে মাদকের কারবার চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারুক আহমেদের বিশেষ নির্দেশনায় থানার সেকেন্ড অফিসার এসআই মোহাম্মদ সাদেক-এর নেতৃত্বে পুলিশের একটি দল তাঁর বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় বসতঘর থেকে ৪৪ কেজি গাঁজা জব্দ করা হয় এবং মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ইসলাম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর সহযোগী উপজেলার সোনাপুর গ্রামের প্রয়াত হাসিম মিয়ার ছেলে সাত্তারসহ অজ্ঞাতনামা আরও দুইজন কৌশলে পালিয়ে যান।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারুক আহমেদ জানান, গ্রেপ্তারকৃত ইসলাম উদ্দিন এবং পলাতক সাত্তারসহ অজ্ঞাতনামা আরও দুইজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে ওসি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতিতে রয়েছে। মাদক কারবারিসহ যেকোনো অপরাধীদের অপতৎপরতা রুখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।